রংপুরে তিন সড়ক দুর্ঘটনায় নিহত ৫

ছবি: সংগৃহীত
রংপুরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
রোববার (১৫ নভেম্বর) ভোররাত থেকে সন্ধ্যা পর্যন্ত রংপুরের বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজন মাদ্রাসাশিক্ষক, দুজন নির্মাণশ্রমিক ও একজন মোটরসাইকেল আরোহী রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোররাত ১টার দিকে রংপুর নগরীর হাজিরহাট এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে ট্রাকচাপায় দুই মাদ্রাসাশিক্ষক নিহত হন। তারা হলেন নীলফামারীর সৈয়দপুর এলাকার রেজাউল খান ও রংপুরের তারাগঞ্জ উপজেলা সদরের রেজাউল করিম। তারা দুজনই নগরীর জগন্নাথপুর মাদ্রাসার শিক্ষক ছিলেন।
মেট্রোপলিটান হাজিরহাট থানার ওসি শরীফুল ইসলাম জানান, রাতে একই মোটরসাইকেলে রংপুর থেকে তারাগঞ্জে যাওয়ার পথে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাক ও চালককে শনাক্ত করা যায়নি।
এদিকে, সকাল সাড়ে ৮টার দিকে রংপুরের তারাগঞ্জ উপজেলার জিগারতল এলাকায় চলন্ত বাস থেকে তিন যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বাসের সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে। এতে মুকুল মিয়া (৩০) ও শাকিল ইসলাম (২৮) নামে দুই নির্মাণশ্রমিক নিহত হন। আহত হন তাদের সহযাত্রী আতিকুল ইসলাম (৩০)।
পুলিশ জানায়, তারা কুমিল্লা থেকে নীলফামারীর জলঢাকাগামী সাইমুম পরিবহনের একটি বাসে উঠেছিলেন। বাসভাড়া নিয়ে সুপারভাইজার ও হেলপারের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিন যাত্রীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন আহত আতিকুল। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ। তবে চালক, সুপারভাইজার ও হেলপার পালিয়ে গেছেন।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, বাস থেকে ফেলে দেওয়ার ঘটনায় দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসের চালক, সুপারভাইজার ও হেলপারকে গ্রেপ্তারে অভিযান চলছে।
অন্যদিকে, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া উপজেলার ভেলুপাড়া বাজারসংলগ্ন একটি ইটভাটার সামনে ট্রাকের ধাক্কায় সাইফুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। তিনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাউথোয়া গ্রামের ফুল মিয়ার ছেলে এবং প্রাণ-আরএফএল কোম্পানির ডিলার ছিলেন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদল কুমার মন্ডল মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, কোম্পানির সভায় যোগ দিতে রাজারহাট থেকে রংপুরে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকটি পালিয়ে যায়।





