যে কারণে ২৫ বছরে ৩ কোটি ৯০ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা!

অ্যান্টিমাইক্রোবায়াল প্রতিরোধক্ষমতা (এএমআর) বেড়ে যাওয়ায় আগামী ২৫ বছরে বিশ্বজুড়ে ৩ কোটি ৯০ লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এ পরিস্থিতিতে সাধারণ অস্ত্রোপচার থেকে শুরু করে সন্তান জন্ম দেওয়ার মতো চিকিৎসাপ্রক্রিয়াও প্রাণঘাতী হয়ে উঠতে পারে।
সোমবার (১৬ নভেম্বর) জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তারা জানান, অ্যান্টিমাইক্রোবায়াল প্রতিরোধ মোকাবিলায় সংক্রমণ প্রতিরোধ, রোগ নির্ণয় এবং অ্যান্টিবায়োটিকের যথাযথ ব্যবহারে অগ্রগতি প্রত্যাশার তুলনায় অনেক ধীর। এতে বৈশ্বিক লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
ডব্লিউএইচওর এএমআর বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জ্যঁ-পিয়েরে নিয়েমাজি বলেন, অ্যান্টিবায়োটিক প্রতিরোধসহ সামগ্রিকভাবে অ্যান্টিমাইক্রোবায়াল প্রতিরোধ ব্যাপক আকার ধারণ করেছে। এটি আধুনিক চিকিৎসাব্যবস্থার ভবিষ্যতের জন্য বড় হুমকি।
ষষ্ঠ বার্ষিক গ্লোবাল মিডিয়া ফোরাম অন এএমআরের ভার্চ্যুয়াল সম্মেলনে তিনি বলেন, করোনাভাইরাসের মতো এ সংকট দৃশ্যমান নয়। ওষুধ প্রতিরোধী সংক্রমণে বছরের পর বছর মানুষ মারা গেলেও বিষয়টি যথাযথভাবে নজরে আসেনি এবং প্রয়োজনীয় সতর্কতাও তৈরি হয়নি।
ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, শুধু ২০২১ সালেই অ্যান্টিমাইক্রোবায়াল প্রতিরোধের কারণে সরাসরি ১০ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া প্রায় ৪৭ লাখ মানুষের মৃত্যুর সঙ্গে এর সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
দেশে দেশে পরিকল্পনা থাকলেও বাস্তবায়নে ঘাটতি
চলতি বছর ১৮৩টি দেশে অ্যান্টিমাইক্রোবায়াল প্রতিরোধ মোকাবিলার অগ্রগতি পর্যালোচনা করে দেখা গেছে, প্রায় ৯০ শতাংশ দেশের এ বিষয়ে জাতীয় কর্মপরিকল্পনা রয়েছে। ২০১৭ সালে এ হার ছিল প্রায় ৪০ শতাংশ।
তবে ডব্লিউএইচওর এএমআরবিষয়ক কারিগরি কর্মকর্তা প্রবাশা প্রকাশ জানান, মাত্র ৪২টি দেশে অর্থায়ন, বাস্তবায়ন ও পর্যবেক্ষণের ব্যবস্থা রয়েছে এমন কর্মপরিকল্পনা কার্যকর আছে। অর্থাৎ পাঁচ ভাগের এক ভাগেরও কম দেশ এ ক্ষেত্রে কার্যকর অগ্রগতি অর্জন করেছে।
তিনি বলেন, দেশগুলো বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে গেলেও ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে অগ্রগতির গতি আরও বাড়াতে হবে।
সংস্থাটির সর্বশেষ বৈশ্বিক নজরদারি তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ডব্লিউএইচওকে জানানো পরীক্ষাগারে নিশ্চিত ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের প্রতি ছয়টির একটিতে ব্যবহৃত অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধক্ষমতা পাওয়া গেছে।
ডব্লিউএইচওর এএমআর নজরদারি বিভাগের প্রধান সিলভিয়া বেরতাগনোলো বলেন, পরীক্ষার ব্যবস্থা না থাকলে চিকিৎসকদের সংক্রমণের কারণ কিংবা কোন অ্যান্টিবায়োটিক কার্যকর হবে, তা না জেনেই চিকিৎসা দিতে হয়।
রোগ নির্ণয়ে নতুন দুটি নির্দেশিকা
অ্যান্টিমাইক্রোবায়াল প্রতিরোধ মোকাবিলায় বিভিন্ন দেশের রোগ নির্ণয়ের সক্ষমতা বাড়াতে দুটি নতুন নির্দেশিকা প্রকাশ করেছে ডব্লিউএইচও। প্রথম নির্দেশিকায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে বিশেষায়িত হাসপাতাল পর্যন্ত কোন পর্যায়ে কী ধরনের পরীক্ষা থাকা প্রয়োজন, তা তুলে ধরা হয়েছে।
দ্বিতীয় নির্দেশিকায় নমুনা সংগ্রহ, জীবাণু শনাক্তকরণ এবং অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা পরীক্ষাসহ ৭৩টি পরীক্ষাগার পদ্ধতি সংকলন করা হয়েছে।
ডব্লিউএইচও জানিয়েছে, সংক্রমণ প্রতিরোধ, টিকাদান, নিরাপদ পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং অ্যান্টিমাইক্রোবায়াল ওষুধের যথাযথ ব্যবহার এ সংকট মোকাবিলার প্রধান উপায়।






