এবার ওয়ার্নার বলছেন ‘খাজাকে বিপদের মুখে ঠেলেছেন কামিন্স’

স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে ঝড় চলছে অস্ট্রেলিয়া ক্রিকেট অঙ্গনে। ২০১৮ সালে সাউথ আফ্রিকা টেস্টে বলের অবস্থার পরিবর্তনে জড়িত ছিল পুরো অস্ট্রেলিয়া দল, আত্মজীবনীতে এমন প্রকাশ করেছেন সাবেক ব্যাটার উসমান খাজা। এরপর থেকেই অজি ক্রিকেটে চলছে বির্তকের ঝড়। চলছে পাল্টাপাল্টি মন্তব্য। অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স ৬৮ মিনিটের সংবাদ সম্মেলনে খাজার মন্তবকে অর্থহীন বলেছেন। সাবেক অধিনায়ক ডেভিড ওয়ার্নার আবার ধুয়ে দিয়েছেন কামিন্সকে।
গত সপ্তাহে খাজা আত্মজীবনী প্রকাশ করেছেন। তাতে লিখেছেন কেপটাউনে সাউথ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচে স্যান্ডপেপার ব্যবহার করা হয়েছিল। দলের সিদ্ধান্তে সবাই জড়িত ছিল, এমনকি খাজা নিজেও সেটির অংশ হয়েছেন। সেই কথার কড়া জবাব দিয়েছেন কামিন্স। খাজার সকল অভিযোগ বানোয়াট ও অর্থহীন বলেছেন তিনি। তার কয়েকঘণ্টা পার না হতেই কড়া প্রতিবাদী মন্তব্য করলেন ওয়ার্নার।
পার্থে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের সম্প্রচারের সময় ওয়ার্নার বলেছেন, ‘সকালে প্যাট কামিন্স খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে এসেছিলেন। তবে আমি এখনও খাজার পাশে আছি। সে বইয়ে যা লিখেছে, তা সত্য বলে মনে করি। তাকে পুরোপুরি সমর্থন করি। এই মুহূর্তে তার জন্য আমার খারাপ লাগছে। আমার মনে হচ্ছে কামিন্স বিপদের মুখে ঠেলে দিয়েছেন খাজাকে। এই মন্তব্য করে খাজাকে বলির পাঁঠা বানিয়েছেন কামিন্স। যা আমাকে অত্যন্ত হতাশ করেছে।’
ওয়ার্নার অস্ট্রেলিয়া বোর্ডের তদন্ত নিয়ে বলেছেন, ‘২০১৮ সালের তদন্তে সিএ জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক বা নাথান লায়নের সাক্ষাৎকার নেয়নি। যদি এটি সত্যি হয়। তবে সিএ কীভাবে এমন দাবি করতে পারে যে বোলাররা কিছুই জানতেন না? মনে হচ্ছে, তারা শুরু থেকেই ঠিক করে রেখেছিল কাকে দোষী সাব্যস্ত করবে। সেই উদ্দেশ্য হাসিলের জন্য তারা দায়সারাভাবে তদন্ত চালিয়েছে এবং এখন তারা সেই মিথ্যা বয়ানই বজায় রাখতে চায়। বোলাররা কিছুই জানতেন না, এটি স্পষ্টতই ঘটনা ধামাচাপা দেয়ার একটি প্রচেষ্টা।’
এর আগে ৬৮ মিনিটের বক্তব্যে অজি অধিনায়ক কামিন্স বলেন, ‘গত আট বছর ধরে ধারাবাহিকভাবে একই কথা বলে আসছি। কী ঘটছে, তা আমার জানা ছিল না। তিনি (খাজা) দাবি করেছেন, আমি এবং অন্যরা স্যান্ডপেপার ব্যবহার করে বল বিকৃতির পরিকল্পনার নেপথ্যে ছিলাম। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও অর্থহীন কথা।’
‘উসমান আমার বন্ধু। কিন্তু বন্ধুদের একে অপরের জীবন ও সুনাম নিয়ে এভাবে হালকা মন্তব্য করা শোভন নয়। তার বইয়ে তিনি আমার জীবন, আরও অনেকের জীবন নিয়ে লিখেছেন। আমার মনে হয় অস্ট্রেলিয়ান ক্রিকেটের বিষয়টি নিয়ে খুবই হালকাভাবে মন্তব্য করেছেন।’
প্রথমে খাজা আত্মজীবনীতে এই স্যান্ডপেপার কেলেঙ্কারি সামনে নিয়ে আসেন। বলেন, ‘স্যান্ডপেপারগেট কেলেঙ্কারিতে আমরা সবাই এরসঙ্গে জড়িত ছিলাম। শুধু ব্যাটার বা বোলাররা নন, সাপোর্ট স্টাফরাও, আমরা সবাই।’
অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছেন খাজা, ‘পুরো টেস্ট ম্যাচজুড়ে ক্যামেরন ব্যানক্রফটের পাশেই দাঁড়িয়েছিলাম। অথচ আমার সাক্ষাৎকার নেয়া হল না। আমার দৃঢ় বিশ্বাস, আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। কারণ তারা জানত, আমি বিষয়টি দলের প্রেক্ষাপটে তুলে ধরব। তারা এটাও জানত, আমাকে প্রশ্ন করা হলে সত্য কথাই বলে দেব। আমি ফোনের অপেক্ষায় ছিলাম যে কখন ডাক আসবে। কিন্তু ফোন আর এলো না, উল্টো শাস্তি ঘোষণা করা হল। যা আমার কাছে অবিশ্বাস্য ছিল।’





