ক্রিকেট

সেই ‘স্যান্ডপেপার’ কেলেঙ্কারিতে জড়িত ছিল পুরো অস্ট্রেলিয়া দল

২০১৮ সালে বল টেম্পারিং

সেই ‘স্যান্ডপেপার’ কেলেঙ্কারিতে জড়িত ছিল পুরো অস্ট্রেলিয়া দল

২০১৮ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে বলের অবস্থার পরিবর্তন করেছিল অস্ট্রেলিয়া, জড়িত ছিল পুরো দল। এমন বলেছেন সেই দলের সাবেক ব্যাটার উসমান খাজা। দাবি করেছেন, বল টেম্পারিংয়ে স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি পুরো অস্ট্রেলিয়া দলের জানা ছিল।

মঙ্গলবার প্রকাশিত হতে চলা আত্মজীবনীর এক অংশে অজিদের সাবেক ব্যাটার খাজা লিখেছেন, কেপটাউনে হওয়া সেই ম্যাচের আগের টেস্টেও অস্ট্রেলিয়া দল বল টেম্পারিংয়ের কৌশল অবলম্বন করেছিল। খাজা কোন পেশাদার লেখক বা সাংবাদিকের সহায়তা ছাড়াই বইটি লিখেছেন।

‘স্যান্ডপেপারগেট’ কেলেঙ্কারি হিসেবে পরিচিত ঘটনাটি তখন ব্যাপক নিন্দার ঝড় তোলে। তখনকার অধিনায়ক স্টিভেন স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং ব্যাটার ক্যামেরন ব্যানক্রফটকে নিষিদ্ধ করা হয়েছিল।

৩৯ বছর বয়সী খাজা সিডনি মর্নিং হেরাল্ডকে বলেন, ‘আমরা সবাই এরসঙ্গে জড়িত ছিলাম। শুধু ব্যাটার বা বোলাররা নন, সাপোর্ট স্টাফরাও, আমরা সবাই।’

খাজা বলেছেন, ‘পুরো টেস্ট ম্যাচজুড়ে ক্যামেরন ব্যানক্রফটের পাশেই দাঁড়িয়েছিলাম। অথচ আমার সাক্ষাৎকার নেয়া হল না। আমার দৃঢ় বিশ্বাস, আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। কারণ তারা জানত, আমি বিষয়টি দলের প্রেক্ষাপটে তুলে ধরব। তারা এটাও জানত, আমাকে প্রশ্ন করা হলে সত্য কথাই বলে দেব। আমি ফোনের অপেক্ষায় ছিলাম যে কখন ডাক আসবে। কিন্তু ফোন আর এলো না, উল্টো শাস্তি ঘোষণা করা হল। যা আমার কাছে অবিশ্বাস্য ছিল।’

সেই ম্যাচে খেলা অস্ট্রেলিয়ার চার বোলার, যাদের মধ্যে বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সও ছিলেন, তারা বরাবরই দাবি করে আসছেন ওই পরিকল্পনা সম্পর্কে তাদের আগে থেকে কোন ধারণা ছিল না। ২০২১ সালে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড এবং নাথান লায়ন যৌথ বিবৃতিতে জানিয়েছিলেন, ‘মাঠে কোন বহিরাগত বস্তু নিয়ে যাওয়া হয়েছে, তা তারা জানতেন না।’

বিষয়:অস্ট্রেলিয়া উসমান খাজা টেস্ট ম্যাচ ডেভিড ওয়ার্নার বল টেম্পারিং সাউথ আফ্রিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…