শিল্প সাহিত্য

মরিলে কান্দিস না আমার দায়…

মরিলে কান্দিস না আমার দায়…

‘দায়’ শব্দটি এখানে দায়িত্ব অর্থে নয়, দায় বলতে জন্য বা কারণও বোঝায়। বারহাট্টা, মোহনগঞ্জ এলাকার লোকজনের ভাষা যেমন ‘কুলসুম ( কুলসুম ছদ্ম নাম) কিতা বালাই আছ, আমারে ডাকছ কের দায়?’ মোহনগঞ্জের পরেই সিলেটের সুনামগঞ্জ। আর আঞ্চলিক ভাষায় রয়েছে একেক অঞ্চলের ভিন্ন ভিন্ন আঞ্চলিক টান। ঠিক তেমনটাই সুনামগঞ্জ -মোহনগঞ্জের মধ্যে। বৃহত্তর ময়মনসিংহের নেত্রকোনা জেলার মোহনগঞ্জেরই ছেলে বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাশিল্পী হুমায়ূন আহমেদ।

তিনি মোহনগঞ্জের দৌলতপুর গ্রামে ১৯৪৮ সালে ১৩ নভেম্বর নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। নন্দিত এই সাহিত্যিক চৌষট্টি বছর বয়সে ২০১২ সালে ১৯ জুলাই বিদেশের মাটিতে পরলোক গমন করেন। নুহাশ পল্লীতে তাঁকে সমাহিত করা হয়। আমরা টেলিভিশনের পর্দায় দেখতে পাই মুষলধারে বৃষ্টিতে ভেজা ছাতা হাতে ভক্ত বাঙালির জনস্রোত। পাঠকের মনে আফসোস রেখে তিনি পৃথিবী থেকে চির বিদায় নিলেন। তাঁর মৃত্যুতে পাঠক কেঁদেছে। বৃষ্টি নিয়ে, গাছ নিয়ে, জোছনা রাত, অন্ধকার রাত নিয়ে, প্রকৃতির চারপাশ ঘিরে আছে তাঁর লেখনীতে। প্রেম – বিরহ – মিলন – হাহাকার, গানের কথায় আছে ‘এক যে ছিলো সোনার কইন্যা মেঘ বরণ কেশ/ ভাটি অঞ্চলে ছিলো সেই কইন্যার দেশ। দুই চোখের তার আহারে কী মায়া…।”

হুমায়ূন আহমেদের বিচরণ সাহিত্যের প্রায় সব শাখাতেই। চলচ্চিত্র, নাট্যকার হিসেবেও তিনি অবদান রেখেছেন। নাটক, সিনেমায় তিনি নিজের লেখা গান অথবা রবীন্দ্র সংগীত দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। সমাজের অতি জটিল বিষয়গুলো তিনি নিপুণভাবে সহজ ভাষা তুলে ধরেছেন পাঠক অথবা দর্শকের সামনে। যেমন ‘অয়োময়’ নাটকে-

ছোটসাব: মুবারক, খাটি মধু কই পাওয়া যায়?
মুবারক: (আফজাল শরীফ) মৌমাছির প্যাড।

এভাবেই তিনি পাঠকে বুঝিয়েছেন ‘এই বসন্তে’ উপন্যাসে, মওলানা সাব রাতভর বয়ান করবেন। মওলানা সাব বয়সে তরুণ, তাই বয়ানে বারবার নারীদের কথাই এসেছে। এখানে লেবাসধারী পুরুষ, নারী আসক্ত মুখোশটাকে ইংগিত করা হয়েছে। কোনো এক গল্পে লিখেছেন, ডাইনী এখন বাড়িতেই বসবাস করে। সন্ধ্যায় দলবদ্ধ হয়ে আসর জমিয়ে বসে ছেলে-মেয়েরা ডাইনীর গল্প শুনে। তাঁর লেখায় ডাইনী নামক নারী সমাজে জায়গা পেয়ে ডাইনীত্ব ছেড়ে সামাজিক হয়ে উঠেছে। ডাইনীদের উদ্ভব কোথা থেকে সেই কথা অন্য এক সময় লিখব।

হুমায়ূন আহমেদ সায়েন্স ফিকশন শিশুদের জন্য এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক নানান বই লিখেছেন। মূলত তিনি শিক্ষিত মধ্যবিত্তের লেখক। হুমায়ূন আহমেদের প্রথম উপন্যাস লিখেছেন ‘শঙ্খনীল কারাগার’ পরিবারের বড় মেয়ে রাবেয়ার চরিত্রটি গল্পে অসাধারণ এক বোন। ‘আজ চিত্রার বিয়ে’তে ব্যক্তিত্বহীন স্বামীর খামখেয়ালি পনার জন্য ফরিদা আত্মহত্যার পথ বেছে নিল। ‘নন্দিত নরকে’ হুমায়ূন আহমেদ এর দ্বিতীয় উপন্যাস হলেও তা প্রথম প্রকাশ পায় এবং এটিই তাঁর প্রথম পুরস্কারপ্রাপ্ত বই। একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের কল্প কাহিনী। এই গল্পে তিনি সমাজের অতি মুখোশধারীকে চিহ্নিত করেছেন। চিরকুমার মাস্টার কাকা তাদের সাথে বাস করেন রাবেয়া, খোকা, মন্টু, রুনু আর মা- বাবার সাথে। মাঝরাতে খোকার ঘুম ভেঙ্গে গেলে উঠোনে বেরোয়, ভেসে আসে লেবু ফুলের হালকা মিষ্টি ঘ্রাণ। খোকা দেখে কে যেন বাইরে এসে আাবার ঘরের ভিতর ঢুকে যায়। মন্টু সাইকেল চালিয়ে যেতে যেতে দেখে মাস্টার কাকা রাবেয়াকে সাথে নিয়ে এখানে সেখানে ঘুরে বেড়ায়। রাবেয়া বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে একা একা ও ঘুরে বেড়ায়। রুনু খুব লক্ষ্মী মেয়ে খোকার স্বপ্ন রুনুকে ডাক্তার বানাবে। রাবেয়ার প্রসবকাকীন মৃত্যু ঘটে। মাস্টার কাকার মৃত্যু হলো। আদালত একদিন চাপা স্বভাবের ছেলে মন্টু ফাঁসির রায় ঘোষণা করেন।

পুরো আশির দশক জুড়ে হুমায়ূন আহমেদের বই লাইব্রেরি থেকে নিয়ে আাসায় ফিরতে হবে এটা সেই সময়ের পাঠকের চাওয়া। এক সময় এদেশের তরুণেরা হিমু সাজতে শুরু করে হলুদ পাঞ্জাবি পরে। হুমায়ূন আহমেদ এর সব বইয়ের প্রসঙ্গে একবারে আলোচনা করা হয়ে উঠে না। তবুও আরও অনেক কথা লেখার আফসোস রয়ে গেল। অমর কথাশিল্পী হুমায়ূন আহমেদের লেখা হাজার বছর উজ্জীবিত থাকুক এদেশে। পরপারে ভালো থাকুন হুমায়ূন আহমেদ। কীর্তিমানের মৃত্যু নাই।

বিষয়:আমার হুমায়ূন উপন্যাস গল্প নাটক সিনেমা হুমায়ূন আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…