ক্রিকেট

উসমান খাজার পর বল টেম্পারিং নিয়ে মুখ খুললেন ওয়ার্নার

উসমান খাজার পর বল টেম্পারিং নিয়ে মুখ খুললেন ওয়ার্নার

২০১৮ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে বলের অবস্থার পরিবর্তন করেছিল অস্ট্রেলিয়া, জড়িত ছিল পুরো দল। এমন মন্তব্য করেছিল দলটির সাবেক ব্যাটার উসমান খাজা। তার এমন মন্তব্যর পর এ কাণ্ড নিয়ে মুখ খুলেছেন দলটির সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার। এ ওপেনার দাবি করেন বল টেম্পারিংয়ে স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি ত্রুটিপূর্ণ ছিল। 

মঙ্গলবার প্রকাশিত আত্মজীবনীর এক অংশে অজিদের সাবেক ব্যাটার উসমান খাজা বলেন , কেপটাউনে হওয়া সেই ম্যাচের আগের টেস্টেও অস্ট্রেলিয়া দল বল টেম্পারিংয়ের কৌশল অবলম্বন করেছিল। খাজা কোন পেশাদার লেখক বা সাংবাদিকের সহায়তা ছাড়াই বইটি লিখেছেন। তার কিছুদিন পর এই বিষয় নিয়ে তৎকালীন সহ-অধিনায়ক ওয়ার্নার এবার আগুনে ঘি ঢাললেন।

‘স্যান্ডপেপারগেট’ কেলেঙ্কারি হিসেবে পরিচিত ঘটনাটি তখন ব্যাপক নিন্দার ঝড় তোলে। তখনকার অধিনায়ক স্টিভেন স্মিথ, সহ-অধিনায়ক ওয়ার্নার এবং ব্যাটার ক্যামেরন ব্যানক্রাফটকে নিষিদ্ধ করা হয়েছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে উসমান খাজাকে সমর্থন জানিয়ে তিনি বলেন, ‘এই বিষয়ে কথা না বলে আট বছর পার হয়ে গেছে। খাজা আমি তোমাকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। তুমি যা করেছ তার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি যা বলেছ তা শতভাগ সঠিক।’

ডেভিড ওয়ার্নার আরও বলেন, ‘এখন সবাই সত্যটা জানে। তা সবার সামনে চলে এসেছে। মানুষ এটি জানতে চেয়েছিল। তুমি সামনে এসে তা বলেছ। খাজা তোমাকে ধন্যবাদ। তদন্তে পুরো সাক্ষাৎকার প্রক্রিয়াটি ছিল তাড়াহুড়া এবং ত্রুটিপূর্ণ। ব্যানক্রাফট যখন জিজ্ঞাসাবাদ হচ্ছিল, তখন খাজা তার পাশেই বসে ছিল।’

‘অথচ খাজকে কোনো প্রশ্নই করা হয়নি। একে কীভাবে একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত বলা যায়? বিষয়টি আমার বোধগম্য নয়। আমরা এখানে কাউকে দোষারোপ করতে আসিনি, আর আমাদের পুরোনো ক্ষতগুলোও নতুন করে খুঁচিয়ে তুলছি না। বিষয়টি হলো জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা এবং সত্যকে যথাযথভাবে খতিয়ে দেখা।’

এর আগে নিজের প্রকাশিত আত্মজীবনীর অনুষ্ঠানে খাজা বলেন, ‘পুরো টেস্ট ম্যাচজুড়ে ব্যানক্রাফটের পাশেই দাঁড়িয়েছিলাম। অথচ আমার সাক্ষাৎকার নেয়া হল না। আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। কারণ তারা জানত, আমি বিষয়টি দলের প্রেক্ষাপটে তুলে ধরব। তারা এটাও জানত, আমাকে প্রশ্ন করা হলে সত্য কথাই বলে দেব। আমি ফোনের অপেক্ষায় ছিলাম যে কখন ডাক আসবে। কিন্তু ফোন আর এলো না, উল্টো শাস্তি ঘোষণা করা হল। যা আমার কাছে অবিশ্বাস্য ছিল।’

বিষয়:অস্ট্রেলিয়া উসমান খাজা টেস্ট ম্যাচ ডেভিড ওয়ার্নার বল ট্যাম্পারিং সামাজিক যোগাযোগ মাধ্যম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…