সময়ভেদে ক্রিস্টিয়ানো রোনালদোর গোল উদযাপনে আছে ভিন্নতা। সমালোচনা কাটিয়ে যখন গোল পান, তখন আঙ্গুল ঠোটে নিয়ে চুপ থাকতে বলেন সমালোচকদের। আবার কখনো কখনো গায়ের জার্সি খুলে করেন উদ্দাম উদযাপন।
এই জার্সি খোলা উদযাপনের কারণটা অজানাই ছিল। এবার রোনালদো নিজেই জানাচ্ছেন, বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে খুশি করতেই জার্সি খুলে উদ্দাম উদযাপন করেন তিনি।
রিয়াল মাদ্রিদের হয়ে ৪৩৭ ম্যাচে ৪৫০ গোল করা রোনালদো নিজের এ উদযাপনের নাম রেখেছেন ‘সিইই’ উদযাপন। অনেকবার এমন উদযাপন করতে গিয়ে হলুদ কার্ডও দেখেছেন। তাতেও ‘কিছু আসে যায় না’ ভাব সিআর সেভেনের।
এল চিরিংগুইতো ডে জুগোনেসকে দেয়া সাক্ষাৎকারে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা জানাচ্ছেন, বান্ধবীরর জন্যই এমন উদযাপন, ‘আমার বান্ধবী বলেছে আমি একজন আকর্ষণীয় পুরুষ। আমি এমন উদযাপন করতেই পারি।’
রোনালদোকে এমন উদযাপনে প্রথম দেখা গিয়েছিল ২০১৩ সালে। চেলসির বিপক্ষে ম্যাচে। অনেকেই অনেক রকম নামে ডাকেন এ উদযাপনকে। পর্তুগিজ অধিনায়ক বলছেন, ‘অনেকেই মনে করেন এই উদযাপনের নাম সুউউ। মোটেও না। এটার নাম সিইই।’
সামনেই বিশ্বকাপ। অংশগ্রহণকারী দলগুলোর বেশিরভাগ খেলোয়াড়ই পৌঁছে গেছেন নিজ নিজ দেশের ক্যাম্পে। কিন্তু রোনালদো পড়ে আছেন মাদ্রিদে।
২৬মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুলের মুখোমুখি হবে তার দল রিয়াল মাদ্রিদ। দ্রুত সেই ফাইনাল শেষ হলেই যেন হাঁপ ছেড়ে বাঁচেন রোনালদো। ফাইনাল উপলক্ষে বড় করছেন চুলও।
‘আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন, এই তুমি চুল কাটাও না কেন? দেখতে অসহ্য লাগছে। তবে বিশ্বাস করুন এই চুল আমার জন্য সৌভাগ্য বয়ে আনে। আরে যেটা সৌভাগ্য আনে তা কেন কাটতে যাবো?’







