বাগেরহাটে বিকাশকর্মীকে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই

ছবি: সংগৃহীত
বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে জিম্মি করে বিকাশের এক কর্মীর কাছ থেকে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
রবিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বাগেরহাটের সাইনবোর্ড বাজারের গোলচত্বর এলাকায় প্রকাশ্যে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার বিকাশকর্মীর নাম বাচ্চু শেখ (৩৫)। তিনি বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার বাসিন্দা। তিনি বিকাশের ডিস্ট্রিবিউশন কোম্পানির ডিস্ট্রিবিউশন সেল রিপ্রেজেন্টেটিভ (ডিএসআর) হিসেবে কর্মরত। দীর্ঘদিন ধরে তিনি বাগেরহাটের কচুয়া উপজেলার বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করে আসছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রবিবার সকালে বাচ্চু শেখ সাইনবোর্ড বাজারের গোলচত্বর এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে পাঁচজন দুর্বৃত্ত সেখানে আসে। একপর্যায়ে তার তাকে রাস্তার আইল্যান্ডের সঙ্গে আটকে জিম্মি করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ছিনিয়ে নেওয়া ব্যাগে আনুমানিক পাঁচ লাখ টাকা ছিল বলে জানা গেছে।
এ বিষয়ে ডিস্ট্রিবিউশন কোম্পানির জেনারেল ম্যানেজার হুমায়ুন কবির বলেন, আমাদের বিকাশের একজন কর্মকর্তার কাছ থেকে আনুমানিক পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এর আগেও বাগেরহাট সদর উপজেলার ভদ্রপাড়া এলাকায় একই ধরনের ঘটনা ঘটেছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় অভিযোগ দিয়েছি।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন বলেন, বিকাশের একজন কর্মকর্তার কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আমরা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে। ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে এমন ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত ছিনতাইকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।






