সতীর্থ-প্রতিপক্ষ-ক্লাব: রোনালদোকে নিয়ে যে যা বললেন

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার অবসর ঘোষণায় সাবেক-বর্তমান সতীর্থ, ক্লাব এবং প্রতিপক্ষ শুভ কামনা জানিয়েছে। পর্তুগিজ মহাতারকার বিদায়ে কীর্তি ও অবদান স্মরণ করে প্রতিক্রিয়া জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা।
পর্তুগাল তারকা ব্রুনো ফার্নান্দেজ সদ্যসাবেক সতীর্থকে মূল্যায়ন করে বলেছেন, ‘অনুপ্রেরণা জোগানোর জন্য ধন্যবাদ। আমার ছোটবেলার আদর্শের সঙ্গে জাতীয় দলে দারুণ কিছু মুহূর্ত ভাগ করে নিতে পারাটা ছিল এক বড় সৌভাগ্যের বিষয়।’
সৌদি ক্লাব আল-নাসেরে সতীর্থ সাদিও মানে সৌদি প্রো লিগ মিডিয়ার সঙ্গে আলাপে জানান, ‘ক্রিস্টিয়ানোর সঙ্গে এক দলে খেলাটা দারুণ এক অভিজ্ঞতা। আমি তাকে ১০০০ গোল পূরণে সাহায্য করতে চাই।’
পর্তুগালের সাবেক ডিফেন্ডার পেপে লিখেছেন, ‘এটি কেবল ফুটবলের চেয়েও বেশিকিছু ছিল। সবকিছুর জন্য ধন্যবাদ, ক্রিস।’
রোনালদোর অবসরের ভিডিওবার্তার নিচে ব্রাজিল তারকা নেইমার জুনিয়র লবখেছেন, ‘লিজেন্ড’।
রিয়াল মাদ্রিদে সাবেক সতীর্থ সার্জিও রামোস লিখেছেন, ‘এত তাড়াতাড়ি? দারুণ ব্যাপার, এবার জীবনের অন্যান্য বিষয়গুলো উপভোগ করার সময়।’
মাদ্রিদ স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়র নিজের আদর্শকে নিয়ে লিখেছেন, ‘চিরকাল নাম্বার ১’।
কেপ ভার্দে গোলকিপার ভোজিনহা পর্তুগিজ মহাতারকাকে ‘লিজেন্ড’ তথা কিংবদন্তি বলে উল্লেখ
করেছেন।
রোনালদোর সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড লিখেছে, ‘একটি অসাধারণ আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন।’
সিআর সেভেনের বর্তমান ক্লাব আল-নাসের তাদের অধিনায়কের জন্য লিখেছে, ‘এটি শুধু একটি অধ্যায়ের সমাপ্তি নয়—এটি এমন এক ইতিহাস, যা আপনি নিজের হাতে গড়ে তুলেছন। আপনি শুধু পর্তুগালের নন, আপনি পুরো বিশ্বের কাছে এক আইকন। পর্তুগাল আপনার হৃদয়ে আছে, আর আপনি আছেন বিশ্বের কোটি মানুষের হৃদয়ে। একটি অধ্যায়ের সমাপ্তি ঘটেছে, কিন্তু আমাদের একসঙ্গে আরও ইতিহাস লেখার বাকি আছে, আপনার নতুন ঘর আল-নাসেরেই।’






