জাতীয় পে স্কেল নিয়ে স্থানীয় সরকার বিভাগের নতুন সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত।
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের জন্য ২০২৬ সালের জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি বছরের ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা পাবেন তারা। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-২ শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য ‘জাতীয় বেতন স্কেল, ২০২৬’-এর আওতায় আনার বিষয়ে সরকার সম্মতি দিয়েছে। ফলে সরকারি কর্মচারীদের জন্য নির্ধারিত নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পাবেন ইউনিয়ন পরিষদের এসব কর্মকর্তা।
এতে আরও বলা হয়, ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী চাকরি বিধিমালা, ২০১১ (সংশোধিত)’-এর বিধি ৮ অনুযায়ী তাদের বেতন নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে অর্থ বিভাগের গত ১৭ সেপ্টেম্বর জারি করা এসআরও অনুসরণ করতে হবে।
নির্দেশনাটি বাস্তবায়নের জন্য দেশের সব জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার), জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
তবে নতুন বেতন স্কেলে প্রশাসনিক কর্মকর্তাদের বেতন কত নির্ধারণ করা হবে, তা নির্দেশনায় উল্লেখ করা হয়নি। অর্থ বিভাগের জারি করা এসআরও অনুযায়ী তাদের বেতন নির্ধারণ ও পরিশোধ করতে হবে।





