ফুটবল

‘আমার মেসি-নেইমার-ইয়ামাল’ না বলে চাই সবাই বলুক ‘আমার ফারহান’

সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬

‘আমার মেসি-নেইমার-ইয়ামাল’ না বলে চাই সবাই বলুক ‘আমার ফারহান’

সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বার সেমিফাইনালে বাংলাদেশ। ঘরের মাঠে সবশেষ শ্রীলঙ্কাকে রীতিমত বিধ্বস্ত করে ৪-০তে উড়িয়ে দিয়েছেন হামজা চৌধুরী-রাকিব হাসানরা। এদিন নজর কেড়েছেন ফারহান আলি ওয়াহিদ, দেশের মাটিতে প্রথম গোলটি করেছেন দর্শনীয় ঢংয়ে। এক-দুই নয়, লঙ্কান ছয় ডিফেন্ডারকে কাটিয়ে জালে বল জড়ান তিনি। গোলটির জন্য তুলনা করা হচ্ছে লিওনেল মেসি-নেইমার জুনিয়রদের সঙ্গে। জামাল ভুঁইয়া অবশ্য সেটা চান না, তার চাওয়া ফারহানের নিজের পরিচয়ে বেড়ে ওঠা।

দেশে প্রথমবার খেলতে এসে ১৯ বর্ষী উইঙ্গার ফারহান আলো কেড়েছেন। জাতীয় দলে তার দ্বিতীয় গোল এটি। বিরতির পর ৫৩ মিনিটে শমিতের দেয়া বলে ডি-বক্সে ঝলক দেখিয়ে একক প্রচেষ্টায় দুর্দান্ত গোলটি করেন। সেসময় ৩-০তে এগিয়ে যায় বাংলাদেশ। ফারহানের দর্শনীয় গোলটি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমারের একই ধরনের একটি গোলের সঙ্গে ব্যাপক তুলনায় আসে। দেখা যায়, বার্সেলোনার হয়ে জুভেন্টাসের বিপক্ষে ২০১৭ সালে ব্রাজিলের সাবেক ফরোয়ার্ড একই ঢংয়ে একটি গোল করেছিলেন।

ম্যাচের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর পোস্টে ফারহানকে লামিন ইয়ামাল, মেসি, নেইমারের সঙ্গে তুলনা করা হচ্ছে। জামাল চান ফারহানের নিজস্ব পরিচয় উঁচিয়ে ধরতে হবে, কারও সাথে তুলনা নয়। ম্যাচের ১২ ঘণ্টা পরই অনুশীলনে নেমেছে বাংলাদেশ দল, এক ফাঁকে জামাল এই কথা বলেন সাংবাদিকদের সঙ্গে আলাপে।

জামাল বলেছেন, ‘আপনারা নিজেরাই বলছেন নেইমার, মেসি, লামিন ইয়ামাল। আসলে আমি চাই যে ফারহান তার নিজের প্রোফাইল (পরিচিতি) বড় করুক। তাকে অন্য খেলোয়াড়ের সাথে তুলনা করার দরকার নেই। কারণ যারা বাংলাদেশের সমর্থক আছে, সবাই বলে ‘আমার মেসি’, ‘আমার লামিন ইয়ামাল’। কিন্তু আমি চাই ওর নিজের নাম বড় করুক। কারণ এটা ফারহান আলির গোল। এটা অন্যকোন খেলোয়াড়ের গোল না, এটা ফারহান আলির।’

গোলের মুগ্ধতায় জামাল বলেছেন, ‘এটা সম্ভবত ন্যাশনাল স্টেডিয়ামে আমার দেখা সেরা গোলগুলোর একটি। আমার মনে হয় হামজার বাইসাইকেল কিক আর গতকাল ফারহান যে গোলটা করেছে, সেটা অবশ্যই সেরা তিনের মধ্যে থাকবে।’

শনিবার জাতীয় স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় পরের ম্যাচ জামালদের, পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ।

বিষয়:ফারহান আলী ওয়াহিদ বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…