১২ দফা দাবিতে পল্টনে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের অবরোধ

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইক শ্রমিকদের জীবিকা এবং ক্ষুদ্র পুঁজি সুরক্ষাসহ ১২ দফা দাবিতে পুরানা পল্টন মোড় অবরোধ করেছেন শ্রমিকেরা।
সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টা থেকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধ চলাকালে সড়কে সমাবেশ করেন আন্দোলনকারীরা। এতে আশপাশের এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
শ্রমিকদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে ব্যাটারিচালিত রিকশা নীতিমালা-২০২৫ সংশোধন করে শ্রমিকবান্ধব নীতিমালা প্রণয়ন, যানবাহনের নিবন্ধন ও লাইসেন্স প্রদান এবং চালকদের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণ।
সমাবেশে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মাধ্যমে ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, লাইসেন্স ও বৈধ কাগজপত্র দেওয়ার দাবি জানান শ্রমিকেরা। পাশাপাশি নিবন্ধন ও নবায়ন ফি সর্বোচ্চ এক হাজার টাকা নির্ধারণ এবং প্রকৃত চালক ও মালিকদের লাইসেন্স নিশ্চিত করতে অন্তত দুই বছর সময় দেওয়ার আহ্বান জানান তারা।
আন্দোলনকারীরা শ্রমিকদের ওপর নির্যাতন, চাঁদাবাজি ও হয়রানি বন্ধের পাশাপাশি অবৈধ সংযোগ বিচ্ছিন্নের নামে বাণিজ্যিক বিদ্যুতের মিটার সংযোগ বিচ্ছিন্ন করা বন্ধের দাবি জানান। ইতোমধ্যে বিচ্ছিন্ন করা সংযোগ পুনঃস্থাপনেরও দাবি তোলেন তারা। নীতিমালা সংশোধন ও বাস্তবায়নে শ্রমিক প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে কমিটি গঠনের আহ্বানও জানান।
১২ দফা দাবির মধ্যে আরও রয়েছে সড়কে লেন পদ্ধতি চালু, রিকশা, সিএনজি ও মোটরসাইকেলের জন্য পৃথক স্ট্যান্ড এবং চার্জিং স্টেশন নির্মাণ। একই সঙ্গে ব্যাটারিচালিত যানবাহনসংক্রান্ত সব রিট ও ফৌজদারি মামলা এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান আন্দোলনকারীরা।
শ্রমিকদের জীবিকা সুরক্ষায় আইন প্রণয়ন, ব্যাটারিচালিত যানবাহনকে গণপরিবহন ও স্বল্প দূরত্বের যাতায়াতের মাধ্যম হিসেবে স্বীকৃতি এবং নতুন শর্তে চালকদের ট্রেড লাইসেন্স দেওয়ার দাবিও তুলে ধরেন তারা।
এ ছাড়া সরকারি ব্যাংক থেকে বিনা জামানতে সর্বোচ্চ এক লাখ টাকা ঋণ, শ্রমিকদের জন্য রেশন ব্যবস্থা চালু এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য, বিদ্যুৎ বিল, গ্যারেজ ভাড়া ও গাড়ির জমা কমানোর দাবি জানান শ্রমিকেরা।
তাদের শেষ দাবিতে দেশের অর্থনৈতিক ও মানবিক বাস্তবতা বিবেচনায় ব্যাটারিচালিত যানবাহনে বিনিয়োগ করা পুঁজির নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়। পাশাপাশি পর্যায়ক্রমে মানুষকে পেশিশ্রমের অমানবিক বোঝা থেকে মুক্ত করার আহ্বান জানান তারা।
বেলা ১১টায় শুরু হওয়া অবরোধ কর্মসূচি প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর সাড়ে ১২টা) চলছিল। এ সময় পুরানা পল্টন মোড়ের সড়কে যান চলাচল বন্ধ ছিল।





