মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে দারুণ করছে ইংল্যান্ড। বাংলাদেশ ও সাউথ আফ্রিকার মেয়েদের হারানোর পর তৃতীয় ম্যাচে ধারাবাহিক ইংলিশরা। স্কটল্যান্ডকে পাত্তাই দেয়নি হেথার নাইটের দল। টানা চার ম্যাচ হেরে শূন্যহাতে বিশ্বকাপ অভিযান শেষ করল স্কটল্যান্ড।
সংযুক্ত আরব আমিরাতের শারজায় ‘বি’ গ্রুপের লড়াইয়ে স্কটিশদের ১০ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। টসে জিতে আগে ব্যাটে নেমে ৬ উইকেটে ১০৯ রান তোলে স্কটল্যান্ড। জবাবে ১০ ওভার হাতে রেখে জয় নিশ্চিত করে ইংলিশবাহিনী।
স্কটিশদের দেয়া লক্ষ্য তাড়ায় নেমে ইংল্যান্ডের উদ্বোধনী ব্যাটাররা ইনিংস শেষ করে দেন। ফিফটি করেন দুজনেই। মাইয়া বুচার ৩৪ বলে ৬২ এবং ড্যানি ওয়াট-হজ ২৬ বলে ৫১ রানে অপরাজিত থাকেন।
আগে ব্যাটে নামা স্কটিশদের সর্বোচ্চ রান আসে ক্যাথেরিন ব্রেসের ব্যাটে। ২৮ বলে ৩৩ রান করেন স্কটল্যান্ড অধিনায়ক। ২৭ রান করেন ওপেনার সারাহ ব্রেস। বাকিদের কেউ উল্লেখযোগ্য রান পাননি।
ইংল্যান্ডের হয়ে সোফিয়া একলেস্টন বল হাতে দারুণ করেন। ৪ ওভারে ১৩ রান খরচায় ২ উইকেট নেন।







