বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পাওয়া নেটফ্লিক্স-এর কোরিয়ান সিরিজ ‘স্কুইড গেম’। সম্প্রতি সিরিজটির ‘সিজন ৩’ –কে চূড়ান্ত সিজন হিসেবে প্রচার করছে নেটফ্লিক্স। কিন্তু আদতে কি সেটাই সত্যি? টিভি দর্শকরা জানেন—সবচেয়ে প্রিয় অনেক শো-ই ‘ফাইনাল সিজন’ ঘোষণার পরেও নানাভাবে ফিরে আসে! স্পিন-অফ, প্রিক্যুয়েল, সিক্যুয়েল কিংবা রিবুট- এরকম বহু নামে ফিরে আসার অতীত রেকর্ড আছে!
তাছাড়া ‘স্কুইড গেম’-এর ফাইনাল সিজনটি এমন এক জায়গায় শেষ হয়েছে, যা নিঃসন্দেহে ভবিষ্যতে আরও ‘স্কুইড গেম’ প্রতিযোগিতার সম্ভাবনার ইঙ্গিত দেয়! অন্তত সিরিজটির ফাইনাল সিজন দেখে এমনটাই মত বহু দর্শকের। তাহলে কী সত্যি ‘স্কুইড গেম’ শেষ? নেটফ্লিক্স কি সত্যিই তাদের সবচেয়ে জনপ্রিয় শোটি বন্ধ করে দেবে? নাকি ‘স্কুইড গেম’ এর সিজন-৪ হবে? নাকি আমেরিকান ‘স্কুইড গেম’ আসছে?
নেটফ্লিক্সের ‘স্কুইড গেম’-এর ভবিষ্যৎ নিয়ে এখন পর্যন্ত যা জানা গেছে, তা-ই জানুন এখানে…
স্কুইড গেম সিজন ৩ কীভাবে শেষ হয়?
‘স্কুইড গেম’ সিজন-৩ –এর মাধ্যমে মূল কোরিয়ান স্কুইড গেম এবং সিরিজের প্রধান চরিত্র সং গি-হুন ওরফে প্লেয়ার ৪৫৬ (লি জং-জে)–এর গল্পের সমাপ্তি ঘটে। যদিও নির্মাতা/লেখক/পরিচালক হোয়াং দং-হিউক ২০২১ সালে শুরু করা গল্পটি এখানেই শেষ করেছেন, তবুও এটা পরিষ্কার যে নেটফ্লিক্স এখনও থামেনি! সিজন ৩–এর শেষ দৃশ্যগুলো ভবিষ্যতের জন্য নানা দিক উন্মুক্ত করে দেয়।
তাহলে সিরিজটির সিজন-৪ কি হবে? আমেরিকান স্পিন অফ, স্কুইড গেম ইউএসএ বা স্কুইড গেম আমেরিকা কি হতে পারে? আমরা কি ফ্রন্ট ম্যান (লি বিং-হুন)–এর গল্প আরও জানবো? আর সবচেয়ে বড় কথা, কেট ব্ল্যানচেট স্কুইড গেমে কী করছেন? মূলত সিজন-৩ এর শেষ এপিসোডের এমন কিছু দৃশ্য এসমস্ত সম্ভাবনা উস্কে দিয়েছে।
নেটফ্লিক্সে কি ‘স্কুইড গেম’ সিজন ৪ আসছে?
না! সিজন-৩ –ই আসলে মূল স্কুইড গেমের শেষ সিজন। অন্তত, কোরিয়ান ভার্সনের ক্ষেত্রে। এন্টারটেনমেন্ট উইকলিকে দেয়া সাক্ষাৎকারে হোয়াং দং-হিউক বলেন—“সিজন ৩ সত্যিই একটি সমাপ্তি, আপনি সেটা দেখে বুঝতে পারবেন। তবে আমি একেবারে স্পিন-অফ বা সিক্যুয়েলের সম্ভাবনা বন্ধ করে দিচ্ছি না, কারণ বলা হয়—নেভার সে নেভার।”
তিনি আরও বলেন, তিনি একটি স্পিন-অফের ধারণা নিয়ে ভাবছেন। “আমি একটি দুর্বল ধারণা নিয়ে খেলেছি—যেটা সিক্যুয়েল নয়, বরং স্পিন-অফ হতে পারে। সেটা হতে পারে সিজন ১ ও ২–এর মাঝের তিন বছরের সময়কাল নিয়ে। ওই সময় রিক্রুটার, ক্যাপ্টেন পার্ক (ও ডাল-সু অভিনীত), অফিসার বা মুখোশধারীরা গেমের বাইরে কী করছিলেন, তাদের জীবন কেমন ছিল—তা নিয়ে একটি চিত্রায়ণ হতে পারে। এটা খুবই প্রাথমিক একটা ভাবনা, যা ভবিষ্যতে ডেভেলপ করা হতে পারে।”
আমেরিকান ভার্সন কি হবে?
সিজন ৩–এর একেবারে শেষে দেখা যায়, ফ্রন্ট ম্যান লস অ্যাঞ্জেলেসে যান গি-হুনের কন্যা গা-ইয়ং (জো আহ-ইন)–এর কাছে। বর্তমানে সে “জেনি” নামে পরিচিত। ফ্রন্ট ম্যান তাকে জানান, তার বাবা মারা গেছেন এবং একটি বাক্স দেন যাতে গি-হুনের জিনিসপত্র রয়েছে। সেই বাক্সে ছিল রক্তমাখা ৪৫৬ নম্বর ট্র্যাকস্যুট এবং একটি সোনালী ক্রেডিট কার্ড, যেটি দিয়ে গি-হুনের বাকি সম্পদ তোলা যাবে।
তবে গা-ইয়ং–এর পাশাপাশি ফ্রন্ট ম্যান আরেকজনকে লস অ্যাঞ্জেলেসে দেখেন—একজন আমেরিকান রিক্রুটার, যিনি একটি গলিতে একজন ভবঘুরের সঙ্গে টাকজি খেলছেন। এই আমেরিকান রিক্রুটার চরিত্রে অভিনয় করেছেন হলিউড তারকা কেট ব্ল্যানচেট!
তাহলে কেট ব্ল্যানচেট স্কুইড গেমে কেন?
কেট ব্ল্যানচেটের উপস্থিতি ইতোমধ্যেই ‘স্কুইড গেম’ (আমেরিকা ভার্সন) নিয়ে গুঞ্জন আরও জোরালো করেছে। এর আগেই ডেডলাইন এক প্রতিবেদনে জানিয়েছিল, পরিচালক ডেভিড ফিনচার ও লেখক ডেনিস কেলি নেটফ্লিক্সের জন্য ‘স্কুইড গেম’-এর একটি আমেরিকান ভার্সন নিয়ে কাজ করছেন। কেট ব্ল্যানচেটের এই সংক্ষিপ্ত উপস্থিতি ইঙ্গিত দেয়— ‘স্কুইড গেম’ (আমেরিকা ভার্সন) শুধু বাস্তব হতে চলেছে না, বরং তিনি হয়তো এতে অংশও নিচ্ছেন। তবে… আদতে কি তা-ই?
নেটফ্লিক্সের নিজস্ব বিনোদন ওয়েবসাইট টুদাম–এ হোয়াং দং-হিউক বলেন—“আমরা ভেবেছিলাম, একজন নারী রিক্রুটার চরিত্রকে আরও নাটকীয় এবং আকর্ষণীয় করে তুলবে। আর কেট ব্ল্যানচেট—তিনি তো সেরা, যার ক্যারিশমা অতুলনীয়। কে না ভালোবাসে তাকে? তাই আমরা খুব আনন্দিত ছিলাম তাকে পেয়ে।”
তিনি আরও বলেন—“আমাদের এমন কাউকে দরকার ছিল, যিনি মাত্র এক–দুইটা শব্দেই স্ক্রিন দখলে নিতে পারেন—যেটা তিনি করেছেনও। গং ইউ যদি কোরিয়ান রিক্রুটার হন, তাহলে কেট ব্ল্যানচেট নিঃসন্দেহে পারফেক্ট আমেরিকান রিক্রুটার। তার উপস্থিতি ছোট হলেও অত্যন্ত শক্তিশালী ও প্রভাবশালী একটি সমাপ্তি এনে দেয়।”
সবকিছু বিচার বিশ্লেষণ করে অনেকেই মনে করছেন, সম্ভবত একটি আমেরিকান স্কুইড গেম স্পিন-অফ পেতে যাচ্ছেন নেটফ্লিক্সপ্রেমীরা! এবং কেট ব্ল্যানচেট আবারও সেই রিক্রুটার চরিত্রে ফিরতে পারেন, তবে এখনো কোনো কিছু আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। –ডিসাইডার







