আন্তর্জাতিক এমির মঞ্চে বিজয় সেতুপতি

আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডের মঞ্চে ইতিহাস গড়তে যাচ্ছেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি। ৫৪তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কার তুলে দেয়ার সুযোগ পাচ্ছেন এই তারকা অভিনেতা। এর মধ্য দিয়ে এই আয়োজনে প্রথম ভারতীয় হিসেবে নতুন মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন তিনি।
আগামী ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবে ৫৪তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডের আসর। সেখানে বিজয় সেতুপতির উপস্থিতি ভারতীয় বিনোদনজগতের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এর আগে ২০১৬ সালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ৬৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডে পুরস্কার উপস্থাপনা করেছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তার সঙ্গে মঞ্চে ছিলেন হলিউড অভিনেতা টম হিডলস্টন। তবে প্রাইমটাইম এমি ও আন্তর্জাতিক এমি দুটি পৃথক আয়োজন।
বিজয় সেতুপতির সর্বশেষ সিনেমা বাথা। ১৯৮৬ সালের মাদ্রাজের প্রেক্ষাপটে নির্মিত ছবিটিতে একজন ভয়ংকর গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ঘটনাক্রমে একটি পরিত্যক্ত স্কুলের শৌচাগারে আট বছর বয়সী এক শিশুর সঙ্গে আটকা পড়ে যায় গ্যাংস্টার বাথা। একসঙ্গে সময় কাটানোর মধ্য দিয়ে শিশুটির সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে। শিশুটির প্রভাবে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায় তার; প্রকাশ পায় চরিত্রটির কোমল দিক।
এরপর নির্মাতা মণি রত্নমের প্রতীক্ষিত রোমান্টিক সিনেমা ইন্জি বেললাম -এ দেখা যাবে বিজয় সেতুপতিকে। ছবিতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন সাই পল্লবী।
এদিকে বিজয় সেতুপতির ২০২৪ সালের তামিল থ্রিলার মহারাজা হলিউডে পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। চীনে সিনেমাটির সাফল্যের পর হলিউডের একটি সংস্থা এর রিমেক স্বত্বের জন্য নির্মাতাদের সঙ্গে যোগাযোগ করে। প্রযোজক সুধন সুন্দরম দ্য টাইমস অব ইন্ডিয়া-কে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চীনে বক্স অফিস ও ওটিটি—দুই ক্ষেত্রেই ভালো সাড়া পেয়েছে ছবিটি। স্যাকনিলকের তথ্য অনুযায়ী, চীনে সিনেমাটির আয় ৯১ কোটি ৬৫ লাখ রুপি। এরপরই হলিউডের একটি সংস্থা ছবিটির রিমেক স্বত্বের বিষয়ে আগ্রহ দেখায়। বর্তমানে হলিউডের একজন প্রথম সারির অভিনেতাকে যুক্ত করে প্রকল্পটি এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। আগামী বছর সিনেমাটির শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটির হলিউড সংস্করণে ম্যাথিউ ম্যাককনাহির অভিনয়ের গুঞ্জনও ছড়িয়েছে। এ বিষয়ে সুধন সুন্দরম বলেন, ম্যাককনাহির নাম আলোচনায় থাকতে পারে। তবে ছবির অভিনয়শিল্পী ও স্টুডিও সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য জানাতে পারবে সংশ্লিষ্ট হলিউড সংস্থাই। এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি। এনডিটিভি





