হ্যালোইনে দুর্ঘটনার শিকার ‘হিট’ নির্মাতা, গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে

হ্যালোইনের দিন দুর্ঘটনার শিকার হলিউডের প্রখ্যাত পরিচালক মাইকেল মান। অনিচ্ছাকৃতভাবে নিজের পায়ে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় ‘হিট’ ছবির নির্মাতাকে। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
দ্য স্টেটসম্যানের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (৩১ অক্টোবর) বিকেলে লস অ্যাঞ্জেলেসের একটি শুটিং রেঞ্জে এ দুর্ঘটনা ঘটে। সেখানে অনুশীলনের সময় দুর্ঘটনাবশত গুলি ছুটে তার পায়ে লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ ও জরুরি পরিষেবার কর্মীরা। পরে অ্যাম্বুল্যান্সে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরিচালকের প্রতিনিধির পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় মাইকেল মান সামান্য আহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগও ঘটনাটিকে দুর্ঘটনা বলে নিশ্চিত করেছে। প্রাথমিক তদন্তে গুলিবর্ষণের ঘটনাটি অনিচ্ছাকৃত বলে জানা গেছে।
‘হিট’ (১৯৯৫), ‘থিফ’ (১৯৮১), ‘দ্য ইনসাইডার’ (১৯৯৯), ‘আলি’ (২০০১), ‘কল্যাটারাল’ (২০০৪) এবং ‘মিয়ামি ভাইস’ (২০০৬)-এর মতো ছবির মাধ্যমে হলিউডে নিজের স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন মাইকেল মান। অপরাধ ও থ্রিলারধর্মী চলচ্চিত্র নির্মাণে তার বিশেষ দক্ষতা রয়েছে।
এদিকে, বর্তমানে নিজের জনপ্রিয় ছবি ‘হিট’-এর সিক্যুয়েল ‘হিট ২’ নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন এই পরিচালক। ছবিটির শুটিং আগামী বছরের শুরুতে শুরু হওয়ার কথা রয়েছে।






