জ্যাক স্প্যারো হয়ে ফিরবেন জনি ডেপ, তবে রাখলেন এক শর্ত

ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে আবারও পর্দায় ফিরতে পারেন হলিউড তারকা জনি ডেপ। জনপ্রিয় ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ কিস্তিতে অভিনয়ের সম্ভাবনা নিয়ে এবার মুখ খুলেছেন অভিনেতা।
তবে সরাসরি ফেরার ঘোষণা দেননি তিনি। জানিয়েছেন, প্রিয় এই ফ্র্যাঞ্চাইজির সমাপ্তি আরও সুন্দরভাবে ঘটানোর সুযোগ থাকলেই কেবল যুক্ত হতে চান তিনি।
সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘এবেনিজার’-এর প্রচারণায় এন্টারটেইনমেন্ট টুনাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে জনি ডেপ বলেন, ‘পাইরেটস’ ফ্র্যাঞ্চাইজির সমাপ্তি কীভাবে আরও ভালো করা যায়, সেটিই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার ভাষায়, ‘আমি সত্যিই শুধু একটাই বিষয়ে যুক্ত থাকতে চাই, আর তা হলো তাদের আরও ভালো একটি সমাপ্তি উপহার দেওয়া।’
তবে ফ্র্যাঞ্চাইজিটির প্রযোজক জেরি ব্রুকহাইমারের সঙ্গে কাজ করার বিষয়ে বেশ ইতিবাচক ডেপ। তাকে নিজের ঘনিষ্ঠ বন্ধু উল্লেখ করে অভিনেতা বলেন, জেরি ব্রুকহাইমার ডাকলে আগামীকালই তার সঙ্গে কাজ করতে প্রস্তুত তিনি। কাজটি কী, সেটি বড় বিষয় নয়। তার প্রতি গভীর আস্থা ও বন্ধুত্বের সম্পর্ক রয়েছে।
এর আগে ২০২৫ সালের গ্রীষ্মে এন্টারটেইনমেন্ট উইকলিকে দেওয়া সাক্ষাৎকারে জেরি ব্রুকহাইমার জানিয়েছিলেন, নতুন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিনেমা নিয়ে জনি ডেপের সঙ্গে তার কথা হয়েছে। তার মতে, চিত্রনাট্য পছন্দ হলে ডেপ আবারও ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে অভিনয় করতে পারেন। তখন তিনি বলেছিলেন, সিনেমাটির চিত্রনাট্য তৈরির কাজ চলছে। নির্মাতারা এখনো উপযুক্ত গল্প খুঁজছেন।
২০০৩ সালে মুক্তি পাওয়া ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: দ্য কার্স অব দ্য ব্ল্যাক পার্ল’ দিয়ে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে যাত্রা শুরু করেন জনি ডেপ। এরপর ২০১৭ সাল পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটির পাঁচটি সিনেমায় অভিনয় করেন তিনি। বিশ্বজুড়ে সিনেমাগুলো আয় করে প্রায় ৪৫০ কোটি ডলার। এর মধ্যে ‘ডেড ম্যানস চেস্ট’ (২০০৬) এবং ‘অন স্ট্রেঞ্জার টাইডস’ (২০১১) এককভাবে এক বিলিয়ন ডলারের বেশি আয় করে।
তবে ব্যক্তিগত ও আইনি জটিলতার কারণে পরবর্তী সময়ে এই ফ্র্যাঞ্চাইজিতে ডেপের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। ২০২০ সালে ‘দ্য সান’ পত্রিকার বিরুদ্ধে করা মানহানির মামলায় হেরে যাওয়ার পর ‘ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য সিক্রেটস অব ডাম্বলডোর’ সিনেমা থেকে সরে দাঁড়াতে হয় তাকে। পরে তার জায়গায় গ্রিন্ডেলওয়াল্ড চরিত্রে অভিনয় করেন ম্যাডস মিকেলসেন। ২০২২ সালে সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে করা মানহানির মামলাতেও আলোচনায় আসেন ডেপ। ওই মামলায় জুরি বোর্ডের রায় তার পক্ষে গেলেও উভয় পক্ষের বিরুদ্ধে মানহানির অভিযোগের বিষয়টি উঠে আসে।
এদিকে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’ নির্মাণের পরিকল্পনা বেশ কয়েক বছর ধরেই চলছে। ২০২০ সালে ডিজনি ফ্র্যাঞ্চাইজিটির নতুন দুটি সিনেমা নিয়ে প্রাথমিক কাজ শুরু করে। এর একটি ছিল মার্গট রবিকে নিয়ে নতুন গল্প, অন্যটি মূল ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ কিস্তি। তবে নারীপ্রধান গল্প নিয়ে মার্গট রবির প্রকল্পটি শেষ পর্যন্ত এগোয়নি।
২০২৪ সালে প্রযোজক জেরি ব্রুকহাইমার জানিয়েছিলেন, চিত্রনাট্যকার জেফ নাথানসন ষষ্ঠ সিনেমার চিত্রনাট্য তৈরি করেছেন। বিশেষ করে গল্পের শেষ অংশটি তার দারুণ পছন্দ হয়েছে। বাকি অংশের কাজ শেষ করে সিনেমাটি নির্মাণের দিকে এগোতে চান তারা। সে সময় ব্রুকহাইমারও স্পষ্ট করেছিলেন, তার সিদ্ধান্ত হলে জনি ডেপকে নতুন সিনেমায় রাখতে চান। কারণ, ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রটি মূলত ডেপের নিজস্ব অভিনয়শৈলী ও সৃজনশীলতার মধ্য দিয়েই অনন্য হয়ে উঠেছে।
এদিকে নতুন সিনেমা ‘এবেনিজার’-এর মাধ্যমে হলিউডে নিজের প্রত্যাবর্তনের পথে রয়েছেন জনি ডেপ। পাশাপাশি ২০২৮ সালে মুক্তির অপেক্ষায় থাকা লায়ন্সগেটের থ্রিলার ‘ডে ড্রিঙ্কার’-এও দেখা যাবে তাকে। ভ্যারাইটি






