অপরাধ

যৌথ অভিযানেও কাটেনি নিরাপত্তার শঙ্কা, এখনও উদ্ধার হয়নি ১,৩০৯ আগ্নেয়াস্ত্র

যৌথ অভিযানেও কাটেনি নিরাপত্তার শঙ্কা, এখনও উদ্ধার হয়নি ১,৩০৯ আগ্নেয়াস্ত্র

ছবিটি এআই দিয়ে তৈরি করা

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের সময় দেশের বিভিন্ন থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা থেকে লুট হওয়া বিপুলসংখ্যক আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ এখনও উদ্ধার হয়নি। ঘটনার দুই বছর পেরিয়ে গেলেও ১ হাজার ৩০৯টি আগ্নেয়াস্ত্র এবং ২ লাখ ৫৭ হাজার ১১৩ রাউন্ড গুলির হদিস পায়নি পুলিশ। এরই মধ্যে লুট হওয়া কিছু অস্ত্র হত্যাকাণ্ড, ডাকাতি ও অন্যান্য অপরাধে ব্যবহারের প্রমাণ মিলেছে।

অন্যদিকে, অবৈধ অস্ত্র, মাদক ও অপরাধী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে বিপুলসংখ্যক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং হাজার হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু ছিনতাই, চাঁদাবাজি, হত্যা, নারী ও শিশু নির্যাতন এবং সংঘবদ্ধ অপরাধের ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ কাটছে না। পুলিশের প্রতি মানুষের আস্থার সংকটও রয়ে গেছে। ফলে অভিযান ও গ্রেপ্তারের সাফল্যের পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ এবং পুলিশ সংস্কারের অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২৬ আগস্ট পর্যন্ত লুট হওয়া ৪ হাজার ৪৫৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার হয়েছে ৩ লাখ ৯৪ হাজার ৮৯৫ রাউন্ড গোলাবারুদ। তবে এখনো নিখোঁজ রয়েছে ১ হাজার ৩০৯টি আগ্নেয়াস্ত্র ও ২ লাখ ৫৭ হাজার ১১৩ রাউন্ড গুলি।

নিখোঁজ অস্ত্রের মধ্যে রয়েছে ১০৯টি চায়না রাইফেল, ৩০টি চায়না এসএমজি, তিনটি এলএমজি, ২০৩টি ৭ দশমিক ৬২ এমএম পিস্তল, ৪৪২টি ৯ এমএম পিস্তল, ৩৮৪টি ১২ বোর শটগান, ১২৮টি গ্যাসগান, সাতটি কাঁদানে গ্যাস নিক্ষেপের লঞ্চার এবং দুটি সিগন্যাল পিস্তল।

পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে বলেন, লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। অভিযান কিছুটা ধীরগতিতে পরিচালিত হলেও অস্ত্র উদ্ধারের কার্যক্রম বন্ধ নেই। বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হচ্ছে। এ ক্ষেত্রে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন ব্যক্তি ও অস্ত্রের সম্ভাব্য অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হচ্ছে। অনেক সময় লুট হওয়া অস্ত্র বিভিন্ন হাত ঘুরে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়ায় সেগুলো উদ্ধার করা কঠিন হয়ে পড়ে। তারপরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে তৎপর রয়েছে। অবশিষ্ট অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

অস্ত্র উদ্ধারে নতুন উদ্যোগ
নিখোঁজ অস্ত্র উদ্ধারে গত ২৯ আগস্ট স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, কয়েকটি গোয়েন্দা সংস্থার সমন্বয়ে বিশেষ ইউনিট গঠন করা হয়েছে। দেশব্যাপী অস্ত্র উদ্ধারের অভিযানে র‍্যাবকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়। পুলিশের বিশেষ শাখা ও অ্যান্টি টেররিজম ইউনিট গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং বিনিময়ের দায়িত্ব পায়।

অস্ত্র উদ্ধারে তথ্যদাতাদের জন্য আর্থিক পুরস্কারও ঘোষণা করেছে সরকার। ভারী অস্ত্রের সন্ধান দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা, পিস্তল, রিভলবার ও শটগানের তথ্য দিলে ৫০ হাজার টাকা এবং অন্যান্য লুট হওয়া আগ্নেয়াস্ত্র, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেডের তথ্য দিলে ১০ থেকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়ার কথা জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখার আশ্বাসও দিয়েছে সরকার।

এর আগে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর পর্যন্ত লুট হওয়া অস্ত্র জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করেছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার। নির্ধারিত সময়ে অনেক অস্ত্র জমা না পড়ায় ৪ সেপ্টেম্বর থেকে যৌথ অভিযান শুরু হয়। অভিযানের প্রথম নয় দিনে ১৪৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

তবে দুই বছর পরও সব অস্ত্রের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। কোন অস্ত্র কার কাছে রয়েছে, কোথায় রাখা হয়েছে কিংবা কোনো অস্ত্র সীমান্ত পেরিয়ে অন্য দেশে চলে গেছে কি না, সে বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য নেই কর্তৃপক্ষের কাছে। কোন থানা বা স্থাপনা থেকে কতটি অস্ত্র লুট হয়েছিল এবং সেগুলো কোন ইউনিট বা সদস্যের নামে বরাদ্দ ছিল, সে বিষয়ে স্থাপনাভিত্তিক পূর্ণাঙ্গ তালিকাও প্রকাশ করেনি পুলিশ সদর দপ্তর।

অভিযান বাড়লেও কমছে না অপরাধের উদ্বেগ
শুধু লুট হওয়া অস্ত্র উদ্ধার নয়, অবৈধ অস্ত্র, মাদক ও অপরাধী চক্রের বিরুদ্ধে চলতি বছরেও বিশেষ অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাতটি প্রধান অপরাধের বিভাগে ২১ হাজার ৭৫৬টি মামলা হয়েছে। আগের ছয় মাসে এ সংখ্যা ছিল ২১ হাজার ২২৮। অর্থাৎ ছয় মাসের ব্যবধানে মামলা বেড়েছে ৫২৮টি বা প্রায় ২ দশমিক ৫ শতাংশ।
এই সাতটি অপরাধের মধ্যে হত্যা, নারী ও শিশু নির্যাতন এবং পুলিশের ওপর হামলার মামলা বেড়েছে। ছয় মাসে হত্যা মামলা হয়েছে ১ হাজার ৭৮৯টি, আগের ছয় মাসে ছিল ১ হাজার ৭৮০টি। নারী ও শিশু নির্যাতনের মামলা ১০ হাজার ৯০টি থেকে বেড়ে হয়েছে ১১ হাজার ১৬৫টি। পুলিশের ওপর হামলার মামলা ২৭৫টি থেকে বেড়ে ৩১৭টি হয়েছে। বিপরীতে ডাকাতি, দস্যুতা, ছিনতাই, অপহরণ ও চুরির মামলা কমেছে।

অপরাধের প্রকৃত চিত্র নির্ধারণে এসব পরিসংখ্যানের সীমাবদ্ধতাও রয়েছে। থানায় মামলা হওয়া অপরাধের সংখ্যা দিয়ে প্রকৃত পরিস্থিতি পুরোপুরি বোঝা যায় না। হয়রানির আশঙ্কায় অনেক ভুক্তভোগী থানায় যেতে চান না। আবার কিছু ঘটনায় মামলা না নিয়ে সাধারণ ডায়েরি বা লিখিত অভিযোগ গ্রহণের অভিযোগও রয়েছে।

পুলিশের প্রতি আস্থার সংকট
সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি করা হলেও পুলিশের প্রতি জনআস্থার ঘাটতি স্পষ্ট। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ২৭ আগস্ট জাতীয় সংসদে বলেছিলেন, অপরাধ সংঘটনের ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কিংবা তারও কম সময়ে অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে। ৪ সেপ্টেম্বরও তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা জানান। তবে জনসাধারণের প্রত্যাশা পূরণে আরও সময় লাগবে বলেও স্বীকার করেন।

আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) ২০২৬ সালের আগস্টে প্রকাশিত জাতীয় জনমত জরিপে পুলিশের প্রতি অসন্তোষের চিত্র উঠে এসেছে। জরিপে পুলিশের কার্যক্রমে ৪৫ শতাংশ উত্তরদাতা সন্তোষ প্রকাশ করেছেন। অন্যদিকে অসন্তোষ জানিয়েছেন ৫২ শতাংশ। জরিপে অন্তর্ভুক্ত নয়টি প্রতিষ্ঠান ও গোষ্ঠীর মধ্যে পুলিশই একমাত্র প্রতিষ্ঠান, যার ক্ষেত্রে অসন্তুষ্টির হার সন্তুষ্টির চেয়ে বেশি।

এই পরিস্থিতিতে পুলিশ সংস্কারের বিষয়টিও সামনে আসছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে গঠিত পুলিশ সংস্কার কমিশন ২০২৫ সালের জানুয়ারিতে প্রতিবেদন জমা দেয়। এতে পুলিশের ওপর নজরদারির জন্য স্বাধীন কমিশন গঠন, সদস্যদের জবাবদিহি নিশ্চিত করা, বলপ্রয়োগের ক্ষেত্রে কঠোর নীতিমালা, বডি ক্যামেরা ও জিপিএস ব্যবহার, দুর্নীতি প্রতিরোধ এবং প্রশিক্ষণ জোরদারের সুপারিশ করা হয়।

কিন্তু এসব সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে প্রশ্ন রয়েছে। যুক্তরাজ্যের হোম অফিসের ২০২৬ সালের অক্টোবরের বাংলাদেশবিষয়ক প্রতিবেদনে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে পুলিশ সংস্কারের অগ্রগতিকে সীমিত বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবিত স্বাধীন পুলিশ কমিশন গঠনের উদ্যোগ বর্তমান সরকারের সময়ে আর এগোয়নি। পুলিশের প্রতিনিধিরাও জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কাঠামোর মধ্যে থেকে পুরো বাহিনীর সংস্কার করা কঠিন।

অন্যদিকে, পুলিশ সদর দপ্তরের একটি উচ্চপর্যায়ের কমিটি অপরাধ নিয়ন্ত্রণে তিন ধাপের পরিকল্পনা প্রস্তাব করেছে। এতে অপরাধের তথ্য বিশ্লেষণ, গোয়েন্দা নজরদারি, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় এবং প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সব মিলিয়ে যৌথ অভিযান, অস্ত্র উদ্ধার ও গ্রেপ্তারের পরিসংখ্যান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার প্রমাণ দিলেও জননিরাপত্তার উদ্বেগ দূর হয়নি। এখনো নিখোঁজ ১ হাজার ৩০৯টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গোলাবারুদ যেকোনো সময় অপরাধী চক্রের হাতে ব্যবহৃত হওয়ার ঝুঁকি তৈরি করছে। একই সঙ্গে হত্যা, নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধের বৃদ্ধি এবং পুলিশের প্রতি মানুষের আস্থার সংকট পরিস্থিতিকে আরও জটিল করছে।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক চ্যানেল আই অনলাইনকে বলেন, স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে শুধু অভিযান ও গ্রেপ্তার যথেষ্ট নয়। লুট হওয়া অস্ত্রের উৎস ও সরবরাহকারী শনাক্ত করা, অপরাধী চক্রের অর্থায়ন বন্ধ করা, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে অপরাধীদের বিচারের আওতায় আনা এবং পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তর করা জরুরি। সাধারণ মানুষ রাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছেন কি না, চাঁদাবাজির ভয় ছাড়া ব্যবসা করতে পারছেন কি না এবং থানায় গিয়ে ন্যায়বিচার পাচ্ছেন কি না, শেষ পর্যন্ত এসব অভিজ্ঞতাই জননিরাপত্তার প্রকৃত মাপকাঠি।

বিষয়:আগ্নেয়াস্ত্র নিখোঁজ পুলিশ সদর দপ্তর যৌথ অভিযান স্বরাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…