পাসপোর্ট আবেদন নিয়ে প্রশ্ন, শেখ হাসিনার প্রত্যর্পণ চায় সরকার

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন ঘিরে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কঠোর অবস্থান জানানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আবেদনটির সত্যতা নিশ্চিত না করলেও এর আইনি দিক খতিয়ে দেখার কথা জানিয়েছেন। অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির স্পষ্ট বলেছেন, শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না। তাকে ভারতের সঙ্গে বন্দী বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ।
সোমবার (৯ নভেম্বর) ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি রাজনৈতিক স্ট্যান্টবাজি। তিনি কখনোই দেশে ফিরবেন না বলেও মন্তব্য করেন তিনি। এই বিষয়ে মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে প্রসিকিউশনের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে বলে জানান আমিনুল ইসলাম।
এর আগে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন কি না, সে বিষয়ে সরকার নিশ্চিত নয়। এই প্রক্রিয়ায় আবেদন করার আইনি সুযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানাবে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর। তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি; তাকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না। বাংলাদেশে ফিরতে হলে ভারতের সঙ্গে বন্দী বিনিময় চুক্তির আওতায়ই তাকে ফিরতে হবে। ভারতকে এ বিষয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্টভাবে জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে সোমবার সকালে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে আলোচনা শুরু হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, তার পক্ষে পাঁচ ব্রিটিশ ব্যারিস্টার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এই সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন। লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠান।
চিঠিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে বলে জানা গেছে। বাংলাদেশের নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বাধ্যবাধকতার ভিত্তিতে নতুন পাসপোর্ট ও পরিচয়পত্র দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানান আইনজীবীরা।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। এরপর বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও এনআইডির জন্য এটিই তার প্রথম আনুষ্ঠানিক আবেদন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।






