মুক্ত হয়ে পুরো ঘটনার বর্ণনায় যা জানালেন ধ্রুব রাঠি

ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি অভিযোগ করেছেন, তাকে গ্রেপ্তার বা আটক করা হয়নি, বরং বাড়ি থেকে অপহরণ করা হয়েছিল। তার দাবি, শনিবার সকালে বাড়ি থেকে তুলে নেওয়ার পর টানা ২২ থেকে ২৩ ঘণ্টা তাঁকে আটকে রাখা হয়। পরে গভীর রাতে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
রোববার (১১ অক্টোবর) সকালে গুরুগ্রামে নিজের বাড়ি থেকে প্রকাশিত এক ভিডিওবার্তায় পুরো ঘটনার বর্ণনা দেন ধ্রুব রাঠি। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে স্বৈরতান্ত্রিক আচরণের অভিযোগও তোলেন তিনি। এ খবর জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।
ভিডিওবার্তায় ধ্রুব রাঠি দাবি করেন, শনিবার সকাল সাতটার দিকে তার বাড়ির বাইরে ৫০ জনের বেশি লোক জড়ো হন। তার মা দরজা খুললে সাধারণ পোশাকে থাকা কয়েকজন তাকে ধাক্কা দিয়ে বাড়িতে প্রবেশ করেন। এরপর তারা সরাসরি তার শোয়ার ঘরে চলে যান।
ধ্রুব বলেন, তখন তিনি ঘুমিয়ে ছিলেন। ঘুম থেকে ওঠার পর তাকে কথা বলা বা কিছু করার সুযোগ দেওয়া হয়নি। এমনকি জুতা পরার সময়টুকুও দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, এ সময় তার মা চিৎকার করছিলেন।
ধ্রুব রাঠির আরও অভিযোগ, তাকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার সময় তার নিজের ও তার বাবা-মায়ের ফোন কেড়ে নেওয়া হয়। পরে তাকে এক থানা থেকে অন্য থানায় নিয়ে যাওয়া হয়। থানায় আইনজীবীর সঙ্গে কথা বলতে চাইলেও তাকে সেই সুযোগ দেওয়া হয়নি। এমনকি ফোন ব্যবহার করতেও দেওয়া হয়নি।
ঘটনার বর্ণনা দিয়ে ধ্রুব বলেন, তাকে বারবার বলা হচ্ছিল, এটি গ্রেপ্তার বা আটক নয় এবং তাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু দীর্ঘ ২২ থেকে ২৩ ঘণ্টা আটকে রাখার পর তিনি প্রশ্ন তোলেন, এ ঘটনাকে অপহরণ ছাড়া আর কী বলা যায়।
তিনি আরও অভিযোগ করেন, তাকে নিয়ে যাওয়ার সময় তার বাবা-মায়ের সঙ্গে সাধারণ পোশাকে থাকা ব্যক্তিদের ধস্তাধস্তি হয়। ওই সময় বাড়িতে তিনি ও তার বাবা-মা ছাড়া আর কেউ ছিলেন না।
ভারতের পরিস্থিতির সমালোচনা করে ধ্রুব রাঠি বলেন, কোনো গণতান্ত্রিক দেশে এভাবে একজন নাগরিককে বাড়িতে ঢুকে শোয়ার ঘর থেকে তুলে নিয়ে যাওয়া এবং আমার পরিবারের সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। আমি কোনো আইন ভাঙিনি; বরং সত্যের পক্ষে কথা বলেছি।
নরেন্দ্র মোদি সরকারের সমালোচনা করে তিনি দেশে ‘অঘোষিত জরুরি অবস্থা’ চলছে বলে মন্তব্য করেন। তার ভাষ্য, এ ধরনের ঘটনা জরুরি অবস্থার সময় দেখা যেত এবং উত্তর কোরিয়ার মতো দেশেও এমন পরিস্থিতি দেখা যায়।





