আন্তর্জাতিক

নাগরিকত্ব পেতে যোগ্য বাংলাদেশি অভিবাসীদের খুঁজছে পশ্চিমবঙ্গ সরকার

নাগরিকত্ব পেতে যোগ্য বাংলাদেশি অভিবাসীদের খুঁজছে পশ্চিমবঙ্গ সরকার

ছবি: সংগৃহীত।

ভারতের পশ্চিমবঙ্গে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) অনুযায়ী নাগরিকত্ব পাওয়ার যোগ্য বাংলাদেশি অভিবাসীদের চিহ্নিত করতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। বিশেষ করে বাংলাদেশ থেকে যাওয়া যেসব হিন্দু এখনো নাগরিকত্বের জন্য আবেদন করেননি, তাদের খুঁজে বের করে আবেদন করতে সহায়তা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে যাওয়া অভিবাসীদের সুনির্দিষ্ট সংখ্যা এখনো নির্ধারণ করতে পারেনি রাজ্য সরকার। তবে বিজেপি নেতাদের ধারণা, মতুয়া সম্প্রদায়সহ বিভিন্ন হিন্দু শরণার্থী পরিবারের প্রায় এক লাখ যোগ্য ব্যক্তি এখনো নাগরিকত্বের জন্য আবেদন করেননি।

বিজেপি নেতাদের দাবি, সিএএ নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রচারণার কারণে তৈরি হওয়া বিভ্রান্তি ও আশঙ্কায় অনেকে আবেদন করতে চাইছেন না। আবার কেউ কেউ আগে আবেদনকারীদের নাগরিকত্ব পাওয়ার বিষয়টি দেখে সিদ্ধান্ত নিতে অপেক্ষা করছেন।

সিএএর আওতায় বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আশ্রয় নেওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষের নাগরিকত্ব পাওয়ার সুযোগ রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, পশ্চিমবঙ্গে প্রায় আড়াই লাখ সিএএ আবেদন এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এসব আবেদন নিষ্পত্তি করে যোগ্য ব্যক্তিদের নাগরিকত্ব সনদ দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এসব আবেদনের বড় অংশ এসেছে নদিয়া ও উত্তর ২৪ পরগনা জেলা থেকে।

এরপর নদিয়া, উত্তর ২৪ পরগনা, মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার প্রশাসন শুনানি কার্যক্রম জোরদার করেছে। তবে এখনো কতজন যোগ্য ব্যক্তি আবেদন করেননি, তা নির্ধারণ করতে না পারায় নতুন আবেদনকারী খুঁজে বের করা কঠিন হয়ে পড়েছে।

গত বৃহস্পতিবার কোচবিহারে এক সভায় বিষয়টি মন্ত্রী ও মতুয়া নেতা অশোক কীর্তনিয়ার নজরে আনেন নমঃশূদ্র মতুয়া মহাসঙ্ঘের স্থানীয় নেতারা। পরে তিনি শরণার্থী অধ্যুষিত এলাকাগুলোতে প্রচারণা চালিয়ে যোগ্য ব্যক্তিদের আবেদন করতে উৎসাহিত করার আহ্বান জানান।

দ্য টেলিগ্রাফকে অশোক কীর্তনিয়া বলেন, অনেক নির্যাতিত মানুষ বিভ্রান্তি ও আশঙ্কার কারণে এখনো নাগরিকত্বের আবেদন করেননি। ফলে তারা ভোটার তালিকার বাইরে রয়েছেন এবং রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধাও পাচ্ছেন না।

২০২৭ সালের জানুয়ারিতে ভোটার তালিকার নতুন সংশোধন প্রক্রিয়া শুরুর আগে যোগ্য শরণার্থীদের নাগরিকত্ব সনদ দেওয়ার লক্ষ্য নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এ কারণে আবেদন না করা ব্যক্তিদের চিহ্নিত করে নাগরিকত্বের আবেদন প্রক্রিয়ায় যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিষয়:কোচবিহার দ্য টেলিগ্রাফ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশি ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…