ফুটবল

ফাইনালের আগে শেষ অনুশীলনে কেমন কাটল ভারত-পাকিস্তানের

সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬

ফাইনালের আগে শেষ অনুশীলনে কেমন কাটল ভারত-পাকিস্তানের

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে হেরেছে বাংলাদেশ। স্বাগতিকরা না থাকায় আয়োজনে বেশ খানিকটা ভাটাও পড়েছে। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান ফাইনালে ওঠায় দল দুটির মধ্যে অন্যরকম উদ্দীপনাও কাজ করছে।

মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে হবে ফাইনাল। রাত ৮টার শিরোপা মহারণে মুখোমুখি হবে ভারত কোচ নওশাদ মুসা ও পাকিস্তান কোচ নলবারতো সোলানোর শিষ্যরা। সবার আগে ফাইনালে উঠেছে ভারত, পাকিস্তান দ্বিতীয় সেমিতে জিতে।

ফাইনালের আগেরদিন সোমবার শেষবারের অনুশীলন করেছে দুদল। বসুন্ধরা স্পোর্টস সিটিতে সকাল সাড়ে ৯টায় অনুশীলন করে ভারত। দলটির কোচ নওশাদ মুসা বাংলাদেশি সংবাদমাধ্যমের বিভিন্ন সময়ের জোরাজুরির কারণে সোমবার নিজে থেকেই কথা বলতে এসেছিলেন। তবে এদিন আগ্রহী ছিলেন না সাংবাদিকরা। দুপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন আছে, সেখানে কথা বলার অনুরোধ জানানো হয় তাকে।

ঘণ্টাখানেক ভারতের অনুশীলনের মাঝেই মাঠে উপস্থিত হয় পাকিস্তান দল। দুদলের একই মাঠে অনুশীলন হওয়ায় কিছু সময় পাশাপাশি অবস্থান করতে হয়। এরপর ভারত সবকিছু গুছিয়ে মাঠ ছেড়ে গেলে অনুশীলন শুরু করে পাকিস্তান। সাংবাদিকদের অনুশীলনের শেষপর্যন্ত অপেক্ষা করতে বলা হলেও কেউ আগ্রহী ছিলেন না।

সাফের প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারায় ভারত। সবার আগে ফাইনাল নিশ্চিত করা সর্বোচ্চবারের চ্যাম্পিয়ন দলটির প্রতিপক্ষ প্রথমবার ফাইনালে আসা পাকিস্তান। স্বাগতিকদের বিপক্ষে পাকিস্তান জেতে ১-০ গোলে। এতে সাফে শিরোপা জেতার ২৩ বছরের অপেক্ষা আরও দীর্ঘ হয়েছে বাংলাদেশের।

বিষয়:ঢাকা পাকিস্তান ফাইনাল ভারত সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…