আন্তর্জাতিক

ইমরান খানের ‘খোলা চিঠি’, জীবিত ফিরতে না পারার শঙ্কা

ইমরান খানের ‘খোলা চিঠি’, জীবিত ফিরতে না পারার শঙ্কা

ছবি: সংগৃহীত

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান নিজের ও স্ত্রী বুশরা বিবির চিকিৎসার ব্যবস্থা করতে দেশটির সর্বোচ্চ আদালতের বিচারপতিদের প্রতি আবেদন জানিয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) দেশটির ফেডারেল সাংবিধানিক আদালত (এফসিসি), সুপ্রিম কোর্ট (এসসি) ও ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) প্রধান বিচারপতিদের উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে তিনি এ আবেদন জানান।

পাকিস্তানের অন্যতম সংবাদমাধ্যম ডন-এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইমরান খানের আইনজীবী ব্যারিস্টার সালমান সফদর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চিঠিটি প্রকাশ করেন। গত ২ ও ১১ নভেম্বর আদিয়ালা কারাগারে ইমরানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি। চিঠিতে বলা হয়েছে, ১১ নভেম্বরের সাক্ষাতে ইমরান তাকে বিচারপতিদের কাছে নিজের বক্তব্য পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।

চিঠিতে নিজের ও স্ত্রীর শারীরিক অবস্থার অবনতির কথা তুলে ধরে চিকিৎসার ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন ইমরান। তিনি লিখেছেন, ‘আমি সারাজীবন হাসপাতাল নির্মাণে কাজ করেছি, যাতে যাদের চিকিৎসার সামর্থ্য নেই, তারা বিনা মূল্যে চিকিৎসা পান। আজ আমি শুধু আমার ও আমার স্ত্রীর চিকিৎসার আবেদন জানাচ্ছি।’

কারাগারের নির্জন প্রকোষ্ঠ থেকে চিঠি লিখছেন উল্লেখ করে ইমরান বলেন, বাইরের পৃথিবীতে নিজের বক্তব্য পৌঁছানোর এটিই এখন তার একমাত্র উপায়। সাবেক প্রধানমন্ত্রী বা রাজনৈতিক দলের প্রধান হিসেবে নয়, বরং পাকিস্তানের জন্য জীবন উৎসর্গ করা একজন নাগরিক হিসেবে তিনি বিচারপতিদের কাছে আবেদন জানাচ্ছেন।

চিঠিতে ইমরান দাবি করেন, ৭০ বছর বয়সে তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা ও হয়রানি শুরু হয়। শতাধিকবার আদালতে হাজিরা, বারবার আগাম জামিনের আবেদন এবং হত্যাচেষ্টার মুখেও তিনি আইনি পথে লড়াই চালিয়ে গেছেন। তবে সংবিধান সংশোধনের পর বিচারব্যবস্থা থেকে পাওয়া প্রতিকার ক্রমেই সীমিত হয়ে পড়েছে বলে অভিযোগ করেন তিনি।

ইমরানের ভাষ্য, তোশাখানা-২ মামলায় সাজা হওয়ার পর তার পরিস্থিতির আরও অবনতি ঘটে। এ মামলায় সৌদি যুবরাজের দেওয়া দামি বুলগারি গয়নার সেট কম দামে কেনার অভিযোগে ইমরান খান ও তার স্ত্রীকে ১৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

চিঠিতে তিনি অভিযোগ করেন, তাকে দিনের ২২ ঘণ্টা পর্যন্ত নির্জন কারাগারে রাখা হচ্ছে। পরিবারের সদস্য, আইনজীবী, দুই ছেলে কাসিম ও সুলাইমানের সঙ্গে যোগাযোগ, বই পড়া ও টেলিভিশন দেখার সুযোগ থেকেও তাকে বঞ্চিত করা হচ্ছে। চলতি বছরে আইনজীবীর সঙ্গে মাত্র চারবার সাক্ষাতের সুযোগ পেয়েছেন বলেও দাবি করেন তিনি। তার স্ত্রী বুশরা বিবি আইনজীবীর সঙ্গে মাত্র একবার সাক্ষাৎ করতে পেরেছেন।

ইমরান আরও বলেন, দীর্ঘদিন নির্জন কারাবাস ও মানুষের সঙ্গে যোগাযোগের অভাবে তার মানসিক স্বাস্থ্যের অবনতি হয়েছে। কারাগারের চিকিৎসা বোর্ডও তার উদ্বেগ ও মানসিক চাপের বিষয়টি নথিভুক্ত করে স্ত্রী ও পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ, বই পড়া এবং টেলিভিশন দেখার সুযোগ দেওয়ার পরামর্শ দিয়েছিল। কিন্তু সেই পরামর্শ বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ তার।

স্ত্রী বুশরা বিবির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইমরান বলেন, গত এপ্রিলে তার স্ত্রীর চোখের রেটিনা বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর জটিল অস্ত্রোপচার করা হলেও তাকে আবার নির্জন কারাগারে পাঠানো হয়। চলতি মাসে স্ত্রীর সঙ্গে দেখা করে তিনি দেখেছেন, আলো সহ্য করতে এবং চোখ খুলতে তার সমস্যা হচ্ছে। দ্রুত আরেকটি অস্ত্রোপচার না হলে বুশরা স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

চিঠিতে ইমরান জানান, গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্ট তাকে দুই দিনের মধ্যে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর, চিকিৎসা বোর্ড গঠন এবং পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই নির্দেশ এখনো বাস্তবায়ন করা হয়নি। তাকে শিফা ইন্টারন্যাশনালের পরিবর্তে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিমস) নেওয়া হয়েছিল।

নিজের শারীরিক অবস্থার বর্ণনা দিয়ে ইমরান বলেন, নির্জন কারাবাসে তার রক্তচাপ অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে। গত ১০ নভেম্বর রক্তচাপ ১৯২ ও ১৯৩ পর্যন্ত উঠেছিল। চিকিৎসকেরা তাকে মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকির কথা জানিয়েছেন। তার হৃদ্‌যন্ত্রও ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি।

চিঠিতে ইমরান লেখেন, ‘৭৪ বছর বয়সে এভাবে অবিরাম চাপের মধ্যে থাকতে থাকতে আমি এমন এক অবস্থায় পৌঁছাচ্ছি, যেখান থেকে হয়তো আর জীবিত ফিরে আসতে পারব না।’

তিনি বিচারপতিদের উদ্দেশে বলেন, কোনো বিশেষ সুবিধা নয়, সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ বাস্তবায়ন এবং তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করাই তার আবেদন। তিনি বলেন, ‘বেঁচে থাকলেই কেবল নিজের নির্দোষিতা প্রমাণের লড়াই চালিয়ে যেতে পারব। অনেক দেরি হয়ে যাওয়ার আগেই আমাকে ন্যায়বিচার দিন।’

ইমরান ও বুশরা বিবির শারীরিক অবস্থা
২০২৩ সালের ৫ আগস্ট থেকে কারাগারে রয়েছেন ইমরান খান। আর পৃথক একটি মামলায় দণ্ডিত হওয়ার পর ২০২৫ সালের ১৭ জানুয়ারি গ্রেপ্তার হন তার স্ত্রী বুশরা বিবি।

ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, মঙ্গলবার ও বৃহস্পতিবার পরিবারের সদস্য, আইনজীবী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে ইমরানের সাক্ষাতের সুযোগ রয়েছে। তবে আদালতের একাধিক নির্দেশ থাকা সত্ত্বেও তার সঙ্গে পরিবারের সদস্য ও দলীয় নেতাদের সাক্ষাৎ সীমিত রাখা হয়েছে বলে অভিযোগ করেছে পিটিআই।

ইমরানের ডান চোখের রেটিনার কেন্দ্রীয় শিরায় রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার (রাইট সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন) সমস্যা জানুয়ারির শেষ দিকে প্রকাশ্যে আসে। এরপর তাকে একাধিকবার হাসপাতালে নেওয়া হয়।

গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্ট তাকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার নির্দেশ দেন। এর আগে আদিয়ালা কারাগারের সুপারিনটেনডেন্ট আদালতে তার শারীরিক অবস্থা নিয়ে প্রতিবেদন জমা দিয়েছিলেন। তবে সরকার তাকে শিফা ইন্টারন্যাশনালের পরিবর্তে পিমসে নিয়ে যায়। পরে সেখান থেকে আবার কারাগারে পাঠানো হয়। এ বিষয়ে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার হাসপাতালের সামনে পিটিআই কর্মীদের কারণে সৃষ্ট নিরাপত্তাঝুঁকির কথা উল্লেখ করেছিলেন। তবে পিটিআই এ অভিযোগ অস্বীকার করে সরকারের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ তোলে।

অন্যদিকে, বুশরা বিবি নিজের চোখের অবনতিশীল অবস্থার কথা জানিয়ে আদালতের কাছে একজন চক্ষু বিশেষজ্ঞের মাধ্যমে দ্রুত স্বাস্থ্য পরীক্ষা এবং নিজের পছন্দের চিকিৎসকের কাছে ব্যক্তিগত খরচে চিকিৎসা নেওয়ার অনুমতি চেয়েছেন। তার দাবি, চিকিৎসকেরা চোখে পরিণত ছানি (ম্যাচিউর ক্যাটারাক্ট) শনাক্ত করেছেন এবং আরেকটি অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন।

বিষয়:ইমরান খান তোশাখানা-২ মামলা পিটিআই ফেডারেল সাংবিধানিক আদালত বুশরা বিবি ব্যারিস্টার সালমান সফদর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…