তারকাকথন

ঢাবি শিক্ষকের নাচের ভিডিও ভাইরাল, ব্যক্তিগত মুহূর্ত প্রকাশ্যে আসায় ক্ষোভ মোনামির

ঢাবি শিক্ষকের নাচের ভিডিও ভাইরাল, ব্যক্তিগত মুহূর্ত প্রকাশ্যে আসায় ক্ষোভ মোনামির

ভাইয়ের ‘গায়ে হলুদে’র অনুষ্ঠানে নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে আলোচনায় এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। ব্যক্তিগত অনুষ্ঠানের ভিডিও সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তবে পরিবারের আনন্দঘন মুহূর্তে নাচের জন্য কোনো ধরনের লজ্জা বা অনুশোচনা নেই বলে স্পষ্ট জানিয়েছেন এই শিক্ষিকা।

সোমবার (১৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে ভিডিওটি ছড়িয়ে পড়ার ঘটনা, ব্যক্তিগত গোপনীয়তা এবং এ নিয়ে সমালোচনার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন মোনামি।

মোনামি জানান, তার একমাত্র ভাইয়ের ‘গায়ে হলুদে’র অনুষ্ঠানে নেচেছিলেন তিনি। অনুষ্ঠানের একটি ভিডিও প্রথমে তার এক বন্ধু ফেসবুকে শুধু বন্ধুদের দেখার জন্য শেয়ার করেন। পরে তিনি নিজেও ভিডিওটি নিজের অ্যাকাউন্টে শেয়ার করেন। তার ধারণা ছিল, ভিডিওটি পরিচিতজনদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কিন্তু পরবর্তী সময়ে সেটি সংবাদমাধ্যমে পৌঁছে যায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি সংবাদমাধ্যমে পৌঁছে দেওয়ার পেছনে আর্থিক উদ্দেশ্য থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন মোনামি। তবে কে বা কারা ভিডিওটি সরবরাহ করেছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নিজের নাচ নিয়ে সমালোচনার প্রসঙ্গে মোনামি প্রশ্ন তুলেছেন, একজন মানুষের নাচার জন্য নির্দিষ্ট বয়স কিংবা শারীরিক গঠন কেন বিবেচ্য হবে? নান্দনিকভাবে নাচার অধিকারকে বয়স বা প্রচলিত সৌন্দর্যের মানদণ্ড দিয়ে বিচার করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

মোনামি জানান, ভিডিওটি প্রকাশ্যে এলে রাজনৈতিক বিদ্বেষপ্রসূত ট্রল বা সমালোচনার শিকার হতে পারেন, এমন আশঙ্কা তাঁর আগে থেকেই ছিল। তবে সেই আশঙ্কা তাকে পরিবারের অনুষ্ঠানে আনন্দ প্রকাশ থেকে বিরত রাখতে পারেনি।

তিনি বলেন, এটি ছিল তার একমাত্র ভাইয়ের ‘গায়ে হলুদে’র অনুষ্ঠান। ভাইয়ের জীবনের বিশেষ এই দিনে নাচার ইচ্ছা তার দীর্ঘদিনের। সুযোগ পেলে ভবিষ্যতেও একইভাবে আনন্দ প্রকাশ করবেন বলে জানান তিনি।

নিজের অবস্থান স্পষ্ট করতে ফেসবুক পোস্টের শেষ দিকে মোনামি লেখেন, ‘একটার তো ভিডিও পেয়েছেন। ৫টায় নেচেছি। বেশ করেছি।’

দেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে সংবাদমাধ্যমের অগ্রাধিকার নিয়েও প্রশ্ন তুলেছেন এই বিশ্ববিদ্যালয় শিক্ষক। তাঁর বক্তব্য, দেশে যখন ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মতো গুরুতর ঘটনা ঘটছে, তখন ব্যক্তিগত একটি পারিবারিক অনুষ্ঠানের নাচের ভিডিও আলোচনার বিষয় হয়ে ওঠা বিস্ময়কর।

বিষয়:ঢাবি শিক্ষক নাচের ভিডিও বিয়ে বাড়ি বিয়ের নাচ মোনামি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…