কদিন আগেই বলিউড সুপারস্টার সালমান খানের মুম্বাইয়ের বান্দ্রার বাসা গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে এক অজ্ঞাত পরিচয়ের নারী প্রবেশের চেষ্টা করেছিল। এবার একই কাণ্ড ঘটলো অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে।
বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুরের মুম্বাইয়ের বাড়িতে এক অজ্ঞাত পরিচয়ের নারীর প্রবেশকে ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। ৪৭ বছর বয়সী ওই মহিলার নাম ঘাজালা জাকারিয়া সিদ্দিকি বলে জানা গেছে।
জিজ্ঞাসাবাদে নারীর দাবি করেন, তিনি অভিনেতাকে একটি উপহার দিতে চেয়েছিলেন। পরে অবশ্য নানা প্রশ্ন করা হলে এড়িয়ে যেতে থাকেন তিনি। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।
ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ২৬ মে ঘটেছে। অভিনেতার বাড়িতে মহিলার প্রবেশের ঘটনায় প্রাথমিকভাবে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন তার পরিচারিকা।
এফআইআর অনুসারে, আদিত্য রায় কাপুর মুম্বাইয়ের বান্দ্রা পশ্চিমের রিজভি কমপ্লেক্সে থাকেন। ২৬ মে অভিনেতা শুটিংয়ের জন্য বাইরে ছিলেন। সেই সময় তার পরিচারিকা সঙ্গীতা বাড়িতে উপস্থিত ছিলেন। আদিত্য রায় কাপুরের বাড়ির কলিং বেলটি সন্ধ্যা ৬টা নাগাদ হঠাৎই বেজে ওঠে। সঙ্গীতা দেখেন দরজায় একজন অচেনা নারী দাঁড়িয়ে। জিজ্ঞেস করেন, এটা কি আদিত্য রায় কাপুরের বাড়ি? তারপর এমনটাও জানান, আদিত্য রায় কাপুরের জন্য উপহার এবং পোশাক এনেছেন তিনি। সঙ্গীতা ওই মহিলার কথা বলে বিশ্বাস করে তাকে ঘরের ভিতরে আসতে বলেন।
এফআইআর-এ আরও উল্লেখ রয়েছে, আদিত্য বাড়ি ফিরতেই পরিচারিকা তাকে ওই নারীর কথা জানান। আদিত্য অবশ্য জানান, তিনি এমন কাউকে চেনেন না। ওই নারীটি আদিত্যর সঙ্গে দেখা করার চেষ্টা করলেও, অভিনেতা তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন।
প্রাথমিক জেরায় খার পুলিশের কাছে তথ্য উঠে এসেছে, ঘাজালা আদতে দুবাইয়ের বাসিন্দা। মুম্বাইয়ে এসেছিলেন আদিত্য রায় কাপুরের সঙ্গে দেখা করতে। রহস্যময়ী ওই নারীর দাবি কতটা সত্যি? আদৌ ওই মহিলার আসল পরিচয় কী? কেনই বা বলিউড সেলেবে বাড়িতে হানা দিচ্ছেন এই সংক্রান্ত যাবতীয় ধোঁয়াশা পরিষ্কার করতে তদন্তে নেমেছে খার থানার পুলিশ।







