বিনোদন

বিশ্বজুড়ে রণবীরের ‘রামায়ণ’ ঝড়, তিন দিনেই আয় ৩৭৫ কোটি

বিশ্বজুড়ে রণবীরের ‘রামায়ণ’ ঝড়, তিন দিনেই আয় ৩৭৫ কোটি

মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে রণবীর কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ: পার্ট ১’। প্রথম দুই দিনের তুলনায় তৃতীয় দিনে ছবিটির আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মুক্তির প্রথম তিন দিনেই বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় ৩৭৫ কোটি ৫০ লাখ রুপি ছাড়িয়েছে।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির তৃতীয় দিনে ভারতের বক্স অফিসে ছবিটি আয় করেছে ৬৯ কোটি ৮০ লাখ রুপি। এদিন দেশজুড়ে ২৩ হাজার ৬৯৬টি শোতে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। এর আগে প্রথম দিনে আয় হয়েছিল ৬৪ কোটি ৮৫ লাখ রুপি। দ্বিতীয় দিনে তা কমে দাঁড়ায় ৪৮ কোটি ৫ লাখ রুপিতে।

তৃতীয় দিনের আয় যুক্ত হয়ে ভারতে সিনেমাটির মোট নেট আয় দাঁড়িয়েছে ১৮২ কোটি ৭০ লাখ রুপি। গ্রস আয় হয়েছে ২১৮ কোটি ২৫ লাখ রুপি। আন্তর্জাতিক বাজারেও ভালো ব্যবসা করেছে ছবিটি। তৃতীয় দিনে বিদেশের বাজার থেকে আয় হয়েছে ৬০ কোটি রুপি। এতে আন্তর্জাতিক বাজারে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১৫৭ কোটি ২৫ লাখ রুপি।

সব মিলিয়ে মুক্তির প্রথম তিন দিনে ‘রামায়ণ: পার্ট ১’-এর বিশ্বব্যাপী মোট গ্রস আয় দাঁড়িয়েছে ৩৭৫ কোটি ৫০ লাখ রুপি।

সিনেমাটির আয়ের বড় অংশ এসেছে হিন্দি সংস্করণ থেকে। তৃতীয় দিনে হিন্দি সংস্করণ আয় করেছে ৫৩ কোটি রুপি। এ ছাড়া কন্নড় সংস্করণ থেকে ৬ কোটি ৩০ লাখ, তেলেগু থেকে ৬ কোটি এবং মালায়ালম সংস্করণ থেকে ২ কোটি রুপি আয় হয়েছে।

সিনেমাটির আয়ের এই ঊর্ধ্বগতিতে দীপাবলির ছুটির প্রভাব রয়েছে বলে মনে করা হচ্ছে। উৎসবের আমেজে প্রেক্ষাগৃহে দর্শকদের উপস্থিতি বাড়ায় ছবিটির ব্যবসাও বেড়েছে।

শনিবার নিজের ইনস্টাগ্রাম পোস্টে হিন্দি সংস্করণের আয় নিয়ে মন্তব্য করেন বাণিজ্য বিশ্লেষক তরন আদর্শ। তার মতে, দীপাবলির আগের সময়ের কারণে শুক্রবার ছবিটির ব্যবসায় কিছুটা ভাটা পড়েছিল। তবে সন্ধ্যার শোগুলোতে প্রত্যাশার চেয়ে ভালো সাড়া পাওয়া যায়। সপ্তাহান্তে ছবিটির আয় আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।

২০২৩ সালে মুক্তি পাওয়া প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’-এর সঙ্গেও তুলনা করা হচ্ছে ‘রামায়ণ’-এর বক্স অফিস সাফল্যের। ভারতে মুক্তির তৃতীয় দিনে ‘আদিপুরুষ’ আয় করেছিল ৬৯ কোটি ১০ লাখ রুপি। একই দিনে ‘রামায়ণ’-এর আয় ৬৯ কোটি ৮০ লাখ রুপি। অর্থাৎ তৃতীয় দিনের আয়ে ‘আদিপুরুষ’-কে ছাড়িয়ে গেছে নতুন সিনেমাটি।

নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ১’-এ রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী এবং রাবণের চরিত্রে অভিনয় করেছেন যশ। গুরুত্বপূর্ণ চরিত্রে আরও রয়েছেন সানি দেওল, লারা দত্ত ও রবি দুবে।

প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটিকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম উচ্চাভিলাষী প্রকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। দুই পর্বে নির্মিত হচ্ছে ‘রামায়ণ’। পরিকল্পনা অনুযায়ী, সিনেমাটির দ্বিতীয় পর্ব মুক্তি পাবে ২০২৮ সালের দীপাবলিতে।

বিষয়:‘রামায়ণ পার্ট ১’ আয় তরন আদর্শ নিতেশ তিওয়ারি বক্স অফিস বলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…