২ কোটি ব্যয়ে আয় ৪৫০ কোটি, সেই ছবি আসছে ওটিটিতে!

ভারতীয় সিনেমার ইতিহাসে এর আগে যা ঘটেনি, সেটাই করে দেখালো মাত্র ২ কোটি রুপি বাজেটে নির্মিত বহুল আলোচিত সিনেমা ‘হনুমান অংশ’! সিনেমাটি বিশ্বব্যাপী এখন পর্যন্ত আয় করেছে ৪৫০ কোটি রুপি! আধ্যাত্মিক ঘরানার ভারতীয় এই সিনেমা এবার আসছে ওটিটিতে!
আগামী ২৭ নভেম্বর থেকে সনি লিভে দেখা যাবে ‘হনুমান অংশ’। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে মুক্তির তারিখ ঘোষণা করেছে প্ল্যাটফর্মটি।
বিশাল চতুর্বেদী পরিচালিত ছবিটি আধ্যাত্মিক গুরু নিম করোলি বাবার জীবন ও শিক্ষা থেকে অনুপ্রাণিত। গত ৭ আগস্ট ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ছবিটি। প্রেক্ষাগৃহে মুক্তির প্রায় সাড়ে তিন মাস পর এবার ডিজিটাল মাধ্যমে আসছে সিনেমাটি।
মাত্র ২ কোটি রুপি বাজেটে নির্মিত ছবিটি মুক্তির প্রথম দুই সপ্তাহে বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি। তবে সিনেমাটি নিয়ে দর্শকদের ইতিবাচক কথাবার্তা মানুষের মুখে মুখে প্রচারের সুবাদে পরে ব্যবসায় গতি পায়।
একপর্যায়ে বিশ্বব্যাপী ছবিটির আয় ৪৫০ কোটি রুপি ছাড়িয়ে যায় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
‘হনুমান অংশ’-এ নীম করোলির চরিত্রে অভিনয় করেছেন শোভিনব সত্যা। ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন চন্দন কে আনন্দ, উদয় সিং রাজপুত, পূর্ণিমা তিওয়ারি, অনিল রাস্তোগি।
উল্লেখ্য, নিম করোলি বাবা ১৯০০ সালের দিকে ভারতের উত্তর প্রদেশের ফিরোজাবাদ জেলার একটি গ্রামে জন্মগ্রহণ করেন। অল্প বয়সে বিয়ে হলেও পরবর্তী সময়ে তিনি সংসার ছেড়ে পরিব্রাজক সাধকের জীবন বেছে নেন। ১৯৭৩ সালে তার মৃত্যু হয়। তার জীবনদর্শন ও আধ্যাত্মিক শিক্ষাই ‘হনুমান অংশ’ সিনেমার মূল অনুপ্রেরণা।





