বিনোদন

‘অভিনেতা হিসেবে এটাই আমার শেষ দশক’- যে ইঙ্গিত দিলেন রণবীর

‘অভিনেতা হিসেবে এটাই আমার শেষ দশক’- যে ইঙ্গিত দিলেন রণবীর

একের পর এক ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়ানোর পাশাপাশি বলিউডে অভিনেতা হিসেবে নিজের অবস্থান শক্ত করেছেন রণবীর কাপুর। তবে এবার অভিনয়ের পাশাপাশি পরিচালনার জগতেও পা রাখতে চান এই অভিনেতা।

ইতোমধ্যে নিজের প্রথম সিনেমার চিত্রনাট্য লেখার কাজ শুরু করেছেন তিনি। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে পরিচালক হিসেবে আত্মপ্রকাশের পরিকল্পনা রয়েছে তার।

সম্প্রতি ‘রামায়ণ:পার্ট ১’ সিনেমার প্রচারে গিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন রণবীর। বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া এক যৌথ ভিডিও সাক্ষাৎকারে তার সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেত্রী সাই পল্লবী। সেখানেই পরিচালনার প্রতি নিজের আগ্রহের কথা জানান তিনি।

রণবীর বলেন, কয়েক মাস আগে থেকেই একটি চিত্রনাট্য লেখার কাজ শুরু করেছেন তিনি। তবে শুরু থেকে একটি গল্প লেখা যে কতটা কঠিন, তা এখন বুঝতে পারছেন তিনি। এ কারণে লেখক ও সৃজনশীল নির্মাতাদের প্রতি তার শ্রদ্ধা আরও বেড়েছে।

তার মতে, একজন শিল্পী হিসেবে অভিনেতারা সৃজনশীল প্রক্রিয়ার একটি অংশের সাথে যুক্ত থাকেন। কিন্তু একজন পরিচালক একটি গল্পের ভাবনা থেকে শুরু করে সেটিকে পর্দায় বাস্তবায়ন পর্যন্ত পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকেন। নিজের গল্প বলার জন্য অনেক মানুষকে একত্র করা এবং তাদের সহযোগিতায় সেই ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার অভিজ্ঞতা অসাধারণ।

অভিনেতা এখনো নিজের প্রথম সিনেমার ধরণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও তার পছন্দের তালিকায় রয়েছে ‘লাইফ ইজ বিউটিফুল’, ‘ইটস আ ওয়ান্ডারফুল লাইফ’ এবং রাজকুমার হিরানির পরিচালিত সিনেমা। এসব সিনেমার মতো দর্শকের মনে উষ্ণতা ও ইতিবাচক অনুভূতি তৈরি করে, এমন একটি ‘ফিল-গুড ফ্যামিলি ড্রামা’ নির্মাণ করতে চান তিনি।

নিজের অভিনয়জীবন নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, তিনি বছরে মাত্র ১০০ থেকে ১২৫ দিন কাজ করেন। ফলে গল্প লেখার জন্য তার হাতে যথেষ্ট সময় থাকে। তবে অভিনয়জীবনের পরবর্তী অধ্যায় নিয়ে এখন নতুন করে ভাবছেন তিনি।

তার ভাষায়, ‘আমার মনে হয়ে, অভিনেতা হিসেবে এটাই আমার শেষ দশক। ভবিষ্যতে কি আমি এমন চরিত্রগুলোতে অভিনয়ের সুযোগ পাব? আমি ধীরে ধীরে পরিচালনার দিকে এগোতে চাই। তবে নিজের পরিচালিত সিনেমায় অভিনয় করার পরিকল্পনা নেই।’

পরিচালনায় নামার আগে ‘ব্রহ্মাস্ত্র ২’, ‘অ্যানিমেল ২’ এবং ‘রামায়ণ:পার্ট ২’ -এর কাজ শেষ করতে চান তিনি। সবকিছু পরিকল্পনা মাফিক এগোলে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে প্রথম সিনেমার শুটিং শুরু করবেন বলে আশা করছেন।

এর আগেও পরিচালনার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি। গত বছরের ২৮ সেপ্টেম্বর নিজের জন্মদিনে ইন্সটাগ্রাম লাইভে ভক্তদের সাথে আলাপকালে তিনি জানান, একটি রাইটার্স রুম তৈরি করেছেন এবং দুটি গল্পের ভাবনা নিয়ে কাজ করছেন। আগামী কয়েক বছরের মধ্যে সিনেমা পরিচালনা করা তার অন্যতম লক্ষ্য।

চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতা অবশ্য রণবীরের একেবারে নতুন নয়। তার বাবা প্রয়াত ঋষি কাপুর ১৯৯৯ সালে ‘আ আব লৌট চলে’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তখন ১৫-১৬ বছর বয়সী রণবীর কাপুর বাবার সিনেমায় সহকারী হিসেবে কাজ করেছিলেন।

পরবর্তী সময়ে সঞ্জয় লীলা বানসালির ‘ব্ল্যাক’ সিনেমায়ও সহকারি পরিচালক হিসেবে কাজ করেন তিনি। অন্যদিকে, তার দাদা রাজ কাপুর ছিলেন ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী নির্মাতা। ‘আওয়ারা’ ও ‘শ্রী ৪২০’ এর মতো কালজয়ী সিনেমা পরিচালনার পাশাপাশি মাত্র ২৪ বছর বয়সে প্রতিষ্ঠা করেন আর কে স্টুডিও।

এদিকে পরিচালনায় আত্মপ্রকাশের আগে অভিনয় নিয়ে বেশ ব্যস্ত সময় পার করতে হবে অভিনেতাকে। সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় স্ত্রী আলিয়া ভাট ও ভিকি কৌশলের সাথে দেখা যাবে তাকে। সিনেমাটি ২০২৭ সালের ২১ জানুয়ারি মুক্তির কথা রয়েছে। এছাড়াও ‘ব্রহ্মাস্ত্র ২’, ‘অ্যানিমেল ২’ এবং ‘রামায়ণ:পার্ট ২’ এ অভিনয় করবেন তিনি।এনডিটিভি

বিষয়:অভিনেতা আলিয়া ভাট পরিচালনা ফ্যামিলি ড্রামা বলিউড রণবীর কাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…