‘এআই পরাশক্তি’ হওয়ার লক্ষ্যে ডেটা সেন্টার নির্মাণে যেভাবে গতি বাড়াচ্ছে ইসরায়েল

সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে আধিপত্য বিস্তার নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতা ক্রমেই তীব্র হচ্ছে। এর মধ্যেই বিশ্বের অন্যতম এআই পরাশক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইসরায়েল। প্রশাসনিক জটিলতা কমিয়ে দ্রুত ডেটা সেন্টার নির্মাণ ও প্রযুক্তিগত অবকাঠামো সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিচ্ছে দেশটি।
গত জুনে এআই প্রযুক্তির উন্নয়ন ত্বরান্বিত করতে জাতীয় পরিকল্পনা ঘোষণার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘আমরা ইসরায়েলকে বৈশ্বিক এআই পরাশক্তিতে পরিণত করব।’
গত সেপ্টেম্বরে ইসরায়েলি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, আগামী পাঁচ বছরের মধ্যে ইসরায়েল বিশ্বের তৃতীয় বৃহত্তম এআই শক্তিতে পরিণত হবে।
আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের এই অবকাঠামোগত উদ্যোগ দেশটির উচ্চগতির তথ্য প্রক্রিয়াকরণ সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সামরিক শক্তি ও ভূরাজনৈতিক প্রভাব বিস্তারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
ইসরায়েলের এআই যাত্রায় এনভিডিয়ার ভূমিকা
এআই প্রযুক্তিতে ইসরায়েলের অবস্থান শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জেনসেন হুয়াং ইসরায়েলকে তার ‘দ্বিতীয় বাড়ি’ হিসেবে অভিহিত করেছেন।
২০২০ সালের এপ্রিলে প্রায় ৭০০ কোটি ডলারে ইসরায়েলি কম্পিউটার নেটওয়ার্কিং প্রযুক্তি প্রতিষ্ঠান মেলানক্সকে অধিগ্রহণ করে এনভিডিয়া। এই অধিগ্রহণ প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে মেলানক্সকেন্দ্রিক নেটওয়ার্কিং ব্যবসা থেকে এনভিডিয়ার আয় হয়েছে ২ হাজার ১০০ কোটি ডলারের বেশি, যা প্রতিষ্ঠানটির ওই প্রান্তিকের মোট আয়ের প্রায় ১৮ শতাংশ।
যুক্তরাষ্ট্রের বাইরে এনভিডিয়ার সবচেয়ে বড় গবেষণা ও উন্নয়ন কার্যক্রম বর্তমানে ইসরায়েলে পরিচালিত হচ্ছে। গত তিন বছরে দেশটিতে প্রতিষ্ঠানটির কর্মীর সংখ্যা দ্বিগুণ হয়ে ছয় হাজারে পৌঁছেছে। হাইফার কাছে কিরিয়াত টিভনে ১০ হাজার কর্মীর ধারণক্ষমতাসম্পন্ন একটি বৃহৎ গবেষণা ও উন্নয়ন কেন্দ্র নির্মাণের পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।
বিশাল ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা
ইসরায়েলের এআই অবকাঠামো উন্নয়নের অন্যতম বৃহৎ প্রকল্প ‘ওফেক ডেটা সেন্টার’। আশদোদ বন্দরের উত্তরে নির্মাণাধীন এই প্রকল্প ২০২৯ সালের দ্বিতীয়ার্ধে চালু হলে এটি হবে দেশটির সবচেয়ে বড় তথ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র।
যুক্তরাষ্ট্রভিত্তিক ডিজিটাল অবকাঠামো প্রতিষ্ঠান সার্ভারফার্ম ও ইসরায়েল ইনফ্রাস্ট্রাকচার ফান্ডসহ কয়েকটি প্রতিষ্ঠানের অর্থায়নে প্রকল্পটির প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১৫০ কোটি ডলার। ভবিষ্যতে এর সক্ষমতা বাড়াতে আরও ৫০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।
সমুদ্রের তলদেশ দিয়ে স্থাপিত ফাইবার অপটিক কেবলের মাধ্যমে ডেটা সেন্টারটি সরাসরি ইউরোপের বাজারের সঙ্গে যুক্ত হবে। এতে ব্যবহার করা হবে এনভিডিয়ার উন্নত গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ)। প্রাথমিকভাবে এর বিদ্যুৎ সক্ষমতা থাকবে ১৩০ মেগাওয়াট, যা পরে ২০০ মেগাওয়াটে উন্নীত করা হবে।
গবেষণা প্রতিষ্ঠান ডেটা সেন্টার ম্যাপের তথ্য অনুযায়ী, বর্তমানে ইসরায়েলে ৬৭টি ডেটা সেন্টার রয়েছে। নতুন প্রকল্প বাস্তবায়নে স্থানীয় পর্যায়ের নিয়ন্ত্রক জটিলতা এড়াতে গত ফেব্রুয়ারিতে এআই ডেটা সেন্টারগুলোকে জাতীয় অবকাঠামো হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেয় দেশটির সরকার।
বিদ্যুৎ সরবরাহ বড় চ্যালেঞ্জ
ডেটা সেন্টার নির্মাণে গতি বাড়ালেও বিদ্যুৎ সরবরাহ নিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে ইসরায়েল। জাতীয় বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থায় বাড়তি চাপের কারণে গত অক্টোবরে নতুন ডেটা সেন্টারের সর্বোচ্চ বিদ্যুৎ সক্ষমতা ২০০ মেগাওয়াট নির্ধারণ করে দেশটির বিদ্যুৎ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।
বিশ্লেষকেরা বলছেন, আধুনিক ডেটা সেন্টার পরিচালনার অন্যতম প্রধান ব্যয় বিদ্যুৎ। পর্যাপ্ত বিদ্যুতের প্রাপ্যতার ওপর এসব প্রকল্পের বাস্তবায়ন ও লাভজনকতা অনেকাংশে নির্ভর করে।
লন্ডনভিত্তিক এআই গবেষক ও পরামর্শক রাজীব দালাল বলেন, ইসরায়েল আয়তনে ছোট, দেশটির বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার সক্ষমতা সীমিত এবং উন্নত প্রযুক্তির যন্ত্রাংশের জন্য আমদানির ওপর নির্ভরশীল। এআই পরাশক্তি হতে হলে গিগাওয়াট পর্যায়ের বিদ্যুৎ সক্ষমতা, নিরবচ্ছিন্ন সরবরাহ এবং উন্নত চিপের স্থায়ী জোগান নিশ্চিত করতে হবে।
এ পরিস্থিতিতে বিদ্যুতের চাহিদা মেটাতে প্রাকৃতিক গ্যাসের পাশাপাশি পারমাণবিক শক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন ইসরায়েলের জ্বালানি ও অবকাঠামোমন্ত্রী এলি কোহেন।
ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আশদোদ বন্দরের পাশে নির্মিত ৮৫০ মেগাওয়াট সক্ষমতার একটি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে সরাসরি ওফেক ডেটা সেন্টারে বিদ্যুৎ সরবরাহ করা হবে।
এআই অবকাঠামো ঘিরে ভূরাজনৈতিক হিসাব
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বার্কম্যান ক্লেইন সেন্টারের জননীতি গবেষক মার্ক এসপোসিতোর মতে, ডেটা সেন্টার নির্মাণের পেছনে বাণিজ্যিক লাভের চেয়ে ভূরাজনৈতিক ও কৌশলগত স্বার্থ বেশি গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, নিজস্ব ডেটা সেন্টার থাকলেই কোনো দেশ এআই পরাশক্তি হয়ে উঠবে না। তবে এই অবকাঠামো ছাড়া সেই অবস্থানে পৌঁছানো অত্যন্ত কঠিন।
বিশ্লেষকদের মতে, নিজস্ব এআই অবকাঠামো গড়ে উঠলে একটি দেশে ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠান, গবেষণাগার, সেমিকন্ডাক্টর শিল্প, দক্ষ জনবল ও বিনিয়োগের সমন্বয়ে শক্তিশালী প্রযুক্তিগত পরিবেশ তৈরি হয়। একই সঙ্গে বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরশীলতা ও সরবরাহব্যবস্থায় বিঘ্নের ঝুঁকি কমে।
ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ব্রুকিংস ইনস্টিটিউশনের জ্যেষ্ঠ গবেষক মার্ক মুরো মনে করেন, স্থানীয় পর্যায়ে দ্রুত ও নিরবচ্ছিন্ন এআই সেবা নিশ্চিত করা ব্যবসা-বাণিজ্য, বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সামরিক সক্ষমতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুবিধা তৈরি করবে।
এরই মধ্যে গাজা ও পশ্চিম তীরে সামরিক কার্যক্রমে ইসরায়েলের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের তথ্য সামনে এসেছে।
ইউরোপের পিছিয়ে পড়া ও নতুন নির্ভরশীলতা
ইসরায়েল যখন দ্রুত ডেটা সেন্টার নির্মাণে এগিয়ে যাচ্ছে, তখন বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার সীমাবদ্ধতা, অনুমোদন প্রক্রিয়ার ধীরগতি ও জনসাধারণের বিরোধিতার কারণে পিছিয়ে পড়ছে ইউরোপ।
বর্তমানে বিশ্বের প্রায় ৫১ শতাংশ ডেটা সেন্টার রয়েছে যুক্তরাষ্ট্রে। ইউরোপীয় ইউনিয়নও বিদেশি নিয়ন্ত্রণাধীন ডেটা সেন্টার ও ক্লাউড অবকাঠামোর ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।
ইউরোপীয় কমিশনের হিসাব অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের সীমানার মধ্যে তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণে ৩০ শতাংশ বা তার বেশি অতিরিক্ত ব্যয় হতে পারে। তবে এতে তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিদেশি নজরদারির ঝুঁকি কমানো সম্ভব।
বেলজিয়ামভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ব্রুগেলের জ্যেষ্ঠ গবেষক বার্টিন মার্টেন্স বলেন, রাজনৈতিক, সামরিক ও নিরাপত্তাসংক্রান্ত সংবেদনশীল তথ্য সুরক্ষায় নিজস্ব ডেটা সেন্টার থাকা জরুরি।
বিশ্লেষকদের আশঙ্কা, তথ্য প্রক্রিয়াকরণের জন্য ইসরায়েল কিংবা অন্য কোনো বিদেশি শক্তির ওপর ইউরোপের নির্ভরশীলতা বাড়লে নতুন ভূরাজনৈতিক ঝুঁকি তৈরি হতে পারে।
মূলত কৃত্রিম বুদ্ধিমত্তাকে শুধু প্রযুক্তিগত উৎকর্ষের হাতিয়ার নয়, অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যম হিসেবেও দেখছে ইসরায়েল। তবে বিদ্যুৎ সংকট, উন্নত চিপের জন্য বিদেশি নির্ভরশীলতা এবং বিপুল বিনিয়োগের প্রয়োজনীয়তা দেশটির এআই পরাশক্তি হওয়ার পথে বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।






