ইউপি ভোট: রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু আজ

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ রোববার (২৯ নভেম্বর) থেকে সংলাপ শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। তিন দিনব্যাপী এ সংলাপে ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রথম দিনের সংলাপে ক্ষমতাসীন বিএনপি ও বিরোধী দল জামায়াতে ইসলামীসহ ১৮টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হলেও আজ অংশ নিচ্ছে না দল দুটি। বিএনপি আগামীকাল সোমবার সংলাপে অংশ নেবে বলে ইসিকে জানিয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামী ১১-দলীয় ঐক্যের শরিকদের নিয়ে জোটগতভাবে সংলাপে অংশ নিতে চায়।
তবে জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এবি পার্টি আলাদাভাবে সংলাপে অংশ নেওয়ার পক্ষে। স্থানীয় সরকার নির্বাচনে জোটের দলগুলো পৃথকভাবে অংশ নেবে বলে ইসির নির্ধারিত সূচি অনুযায়ী সংলাপে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবি পার্টি।
ইসি সূত্রে জানা গেছে, নিবন্ধনের ক্রম অনুযায়ী প্রথম দিন ১৮টি, সোমবার ১৯টি এবং মঙ্গলবার আরও ১৮টি রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে।
গত বৃহস্পতিবার জামায়াতের পক্ষ থেকে ইসি সচিব আখতার আহমেদকে ফোন করে ১১-দলীয় ঐক্যের জন্য আলাদা সময় চাওয়া হয়। এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি দেওয়ার পরামর্শ দেয় ইসি। তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত কমিশন কোনো চিঠি পায়নি।
এবারের স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে। তবে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাওয়ার লক্ষ্যে এ সংলাপের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে ইসি।
বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত ৫৯টি রাজনৈতিক দলের মধ্যে ৫৫টিকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে আমন্ত্রণ জানানো হয়নি। এ ছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরীকত ফেডারেশন ও সাম্যবাদী দলও আমন্ত্রণ পায়নি।
এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচন পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে। আগামী বছরের ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটগ্রহণ হবে। এরপর ৪ ফেব্রুয়ারি দ্বিতীয়, ২৯ এপ্রিল তৃতীয়, ১৩ মে চতুর্থ এবং ২৭ মে পঞ্চম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।






