ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও সংঘর্ষ

ছবি: সংগৃহীত
শনিবার (২৮ নভেম্বর) রাত পৌনে ১১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত চলা এ ঘটনায় মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে উপজেলার ট্রেনিং সেন্টার এলাকা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি চৌদ্দগ্রাম বাজার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে যাওয়ার সময় মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুরের পাশাপাশি গাড়ির চাবি ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেন চালকরা।
অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরাও পুলিশের সঙ্গে যোগ দেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করে মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টি ও যানবাহন ভাঙচুর করেন। খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা পুলিশের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যান।
উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমানও জানান, খবর পেয়ে জামায়াতের নেতাকর্মীরা পুলিশের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের ধাওয়া করেন।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে মহাসড়ক থেকে প্রতিবন্ধকতা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।






