নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে ভিয়েনায় পুরুষদের বিক্ষোভ

সংগৃহীত
নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ করেছেন শত শত পুরুষ। এ সময় তাদের হাতে ‘পুরুষতন্ত্র হত্যা করে’ এবং ‘চোখ ফিরিয়ে নেওয়া মানে সহিংসতার সহযোগী হওয়া’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়।
শনিবার (২৮ নভেম্বর) তীব্র শীত উপেক্ষা করে আয়োজিত এই বিক্ষোভে প্রায় আড়াই হাজার মানুষ অংশ নেন বলে জানিয়েছে আয়োজকেরা। অস্ট্রিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ওআরএফের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিক্ষোভে পুরুষদের পাশাপাশি নারীরাও অংশ নেন। পুলিশ জানিয়েছে, কোনো উল্লেখযোগ্য অপ্রীতিকর ঘটনা ছাড়াই কর্মসূচি শেষ হয়েছে।
আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বিক্ষোভে মানবাধিকারকর্মী ম্যানফ্রেড জাইসবার্গার বলেন, সহিংসতার কোনো অজুহাত হতে পারে না।
বিক্ষোভের আয়োজক আন্তর্জাতিক পুরুষভিত্তিক সংগঠন হোয়াইট রিবন অস্ট্রিয়ার আন্দ্রেয়াস নেভলাকসিল বলেন, ‘আমরা পুরুষেরা দীর্ঘদিন ধরে নীরব রয়েছি। এই নীরবতার অবসান ঘটাতে হবে।’
নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে চলতি বছর অস্ট্রিয়ায় পুরুষদের নেতৃত্বে এটি দ্বিতীয় বিক্ষোভ। এর আগে গত মার্চে একই ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গত ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে শুরু হওয়া লিঙ্গভিত্তিক সহিংসতাবিরোধী ১৬ দিনের বৈশ্বিক প্রচারাভিযানের অংশ হিসেবে এ বিক্ষোভের আয়োজন করা হয়।
হোয়াইট রিবন অস্ট্রিয়া জানিয়েছে, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কিশোর ও পুরুষদের কাউন্সেলিং সেবার সুযোগ বাড়ানো প্রয়োজন। পাশাপাশি অনলাইনে সহিংসতা উসকে দেয় এমন কনটেন্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।
অস্ট্রিয়া সরকারের তথ্য অনুযায়ী, দেশটির প্রতি তিনজন নারীর মধ্যে একজন জীবনের কোনো না কোনো সময়ে শারীরিক অথবা যৌন সহিংসতার শিকার হন।
অস্ট্রিয়ার নারী আশ্রয়কেন্দ্রগুলোর একটি সংগঠনের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তিদের হাতে ২০ জন নারী নিহত হয়েছেন। সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে সংগঠনটি জানিয়েছে, ২০১৯ সাল থেকে দেশটিতে প্রতিবছর গড়ে ২৫টি নারী হত্যার (ফেমিসাইড) ঘটনা ঘটেছে।
নারী হত্যা ও নারীর প্রতি অন্যান্য সহিংসতা প্রতিরোধে গত বছর পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করে অস্ট্রিয়া সরকার। এতে জনসচেতনতামূলক প্রচারসহ বিভিন্ন প্রতিরোধমূলক পদক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে।
এদিকে চলতি সপ্তাহে প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বজুড়ে প্রতি ঘণ্টায় গড়ে পাঁচজন নারী ও কন্যাশিশু পরিবারের সদস্য কিংবা ঘনিষ্ঠ সঙ্গীর হাতে নিহত হয়েছেন।
ভিয়েনার এই বিক্ষোভের দুই সপ্তাহ আগে সুইজারল্যান্ডের রাজধানী বার্নেও নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে পুরুষদের নেতৃত্বে একই ধরনের পদযাত্রা অনুষ্ঠিত হয়।






