প্রথমবারের মতো ঢাকাস্থ মার্কিন দূতাবাস তিন দিনের টেকক্যাম্প কর্মশালা শেষ করেছে। ৬-৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই কর্মশালার লক্ষ্য ছিল ৫০ জন উদ্যমী সাংবাদিককে ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই, তথ্য যাচাই এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সর্বোত্তম অনুশীলন শেখার জন্য ক্ষমতায়ন করা।
বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারি শেষ হওয়া এই কর্মশালাটি গ্লোবাল ইয়ুথ লিডারশিপ সেন্টার (জিওয়াইএলসি) ইনকর্পোরেটেডের সাথে অংশীদারিত্বে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেটের এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ব্যুরো আয়োজন করে।
এই আয়োজন প্রযুক্তিগত উদ্ভাবনকে উৎসাহিত করে এবং বাস্তববাদী সমাধানের মাধ্যমে বিভিন্ন বাধা মোকাবেলায় ভবিষ্যৎ নেতাদের ক্ষমতায়ন করে।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস প্রশিক্ষক ও অংশগ্রহণকারীদের সাথে কথা বলেন। তিনি গণমাধ্যম শিক্ষার ভবিষ্যৎ গঠনে ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই এবং সৎ সাংবাদিকতা চালিয়ে যেতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেন।
প্রশিক্ষণার্থীদেরকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ‘আমরা একসাথে শিক্ষা, অনলাইন নিরাপত্তা জোরদার ও গণতন্ত্রের জন্য প্রযুক্তির ব্যবহার করতে পারি।’
যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশের সুশীল সমাজের সমর্থনে, ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সুরক্ষায় এবং প্রযুক্তিগত উদ্ভাবনের প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন পিটার হাস। এই প্রতিশ্রুতির প্রতিফলন হলো ইয়ুথ ভোট ম্যাটারস, ইংরেজি ভাষা শেখা, ইন্টারনেট সুরক্ষা, সাবেক শিক্ষার্থী এবং সুশীল সমাজের সাথে অংশীদারিত্বের মাধ্যমে ভুল তথ্যের সমাধানের মতো কর্মসূচিগুলো।







