আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র আরেকটি ভুল করলে যুদ্ধের নিয়ন্ত্রণ নেবে ইরান: ইরানের স্পিকার

যুক্তরাষ্ট্র আরেকটি ভুল করলে যুদ্ধের নিয়ন্ত্রণ নেবে ইরান: ইরানের স্পিকার

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে যুদ্ধক্ষেত্রের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, ইরান আর ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ এমন পরিস্থিতিতে থাকতে চায় না। যুক্তরাষ্ট্র আলোচনায় বসুক বা যুদ্ধের পথে এগোক, তাতে তেহরানের আপত্তি নেই। তবে ইরানের দেওয়া সাতটি শর্ত মেনে নিলে সমঝোতার পথ খোলা থাকবে।

রোববার ১৫ নভেম্বর পার্লামেন্টের এক অধিবেশনে এসব কথা বলেন গালিবাফ। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের এ তথ্য জানিয়েছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র আবার কোনো ভুল করলে ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীই যুদ্ধক্ষেত্রের পরিসর নির্ধারণ করবে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও জ্যেষ্ঠ সামরিক কমান্ডাররা নিহত হন। পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর পাশাপাশি হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তেহরান। এতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যায়।

যুদ্ধ বন্ধে গত ১৭ জুন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ১৪ দফার একটি চুক্তিতে সই করেন। তবে ৮ জুলাই ট্রাম্প চুক্তিটি বাতিল বলে ঘোষণা করেন। এর এক সপ্তাহ পর সমঝোতা স্মারক স্থগিত করে ইরানও। ওয়াশিংটনের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তোলে তেহরান।

এদিকে নতুন করে ইরানে হামলার বিষয়ে এখনো সিদ্ধান্তহীনতায় রয়েছেন ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের শনিবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান বা ইয়েমেনে ইরান-সমর্থিত হুতিদের পক্ষ থেকে নতুন কোনো উসকানি না এলে হামলা স্থগিত রাখতে পারেন তিনি।

গত দুই সপ্তাহে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন ট্রাম্প। দুই নেতাই তাকে ইরানে নতুন করে হামলা না চালানোর পরামর্শ দিয়েছেন। গত ৩১ অক্টোবর সৌদি যুবরাজকে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে হামলার পরিকল্পনা রয়েছে তার। তবে তেহরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে উল্লেখ করে তাকে হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানান বিন সালমান।

তবে প্রয়োজন হলে সামরিক অভিযান জোরদার করতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। আগামী কয়েক দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে তৃতীয় একটি বিমানবাহী রণতরি পাঠানো হচ্ছে। প্রয়োজন হলে তিনটি রণতরিই ওই অঞ্চলে অবস্থান করতে পারে।

এ ছাড়া ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোতে নতুন করে হামলার বিষয়টিও বিবেচনায় রয়েছে। তবে এসব স্থাপনায় আগেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন হামলা কতটা কার্যকর হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

অন্যদিকে মধ্যপ্রাচ্যের মিত্রদের অনুরোধে আপাতত পূর্ণমাত্রার যুদ্ধে ফিরতে চান না বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। বৃহস্পতিবার ক্রীড়া সম্প্রচারক স্টিফেন এ স্মিথকে তিনি বলেন, চাইলে এখনই যুদ্ধ শেষ করতে পারেন। তবে মিত্রদের অনুরোধে একটু দীর্ঘ ও সংযত পথ বেছে নিয়েছেন তিনি।

বিষয়:ইরান‘যুদ্ধ ইরানের পার্লামেন্টের স্পিকার প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…