আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে বিপর্যয়, রোববার রাতেও স্বাভাবিক হচ্ছে না ফ্লাইট

যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে বিপর্যয়, রোববার রাতেও স্বাভাবিক হচ্ছে না ফ্লাইট

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে সৃষ্ট অচলাবস্থার প্রভাব আরও কয়েক দিন থাকতে পারে বলে সতর্ক করেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। রোববার (১৫ নভেম্বর) রাত পর্যন্ত এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, শনিবার (১৪ নভেম্বর) রাত ৯টা ৩৫ মিনিট পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৬ হাজার ৪০০টির বেশি ফ্লাইট বাতিল এবং ৮ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। এর আগে শুক্রবার এফএ-এর নির্দেশে দেশজুড়ে প্রায় ৯ হাজার ২০০টি ফ্লাইট বাতিল এবং ৭ হাজার ৫০০টি ফ্লাইট বিলম্বিত হয়। রোববারের জন্য নির্ধারিত আরও ৮৭৫টি ফ্লাইট ইতোমধ্যে বাতিল করা হয়েছে।

‘নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের ত্রুটির কারণে’ এফএএ শুক্রবার যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধের নির্দেশ জারি করার পর দেশটিতে প্রায় পাঁচ ঘণ্টা ধরে অধিকাংশ উড়োজাহাজের যাত্রা স্থগিত থাকে। এতে দেশব্যাপী যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে তা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এফএএ-র প্রধান ব্রায়ান বেডফোর্ড শনিবার জানিয়েছেন, তিনি আশা করছেন রোববার রাতের মধ্যে বিমান চলাচল ব্যবস্থা অনেকাংশে স্বাভাবিক হয়ে আসবে। তিনি এমন স্থিতির জন্য ক্ষমা চেয়েছেন এবং জানিয়েছেন, এখন সিস্টেমটি স্থিতিশীল রয়েছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর দেশটিতে এটিই ছিল সবচেয়ে দীর্ঘস্থায়ী দেশব্যাপী ফ্লাইট কার্যক্রম বন্ধের ঘটনা।

শনিবার স্থানীয় সময় বিকালে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, এফএএর ঠিকাদারি প্রতিষ্ঠান এলথ্রিহ্যারিস দূরের একটি কেন্দ্রে একটি নতুন রাউটার বসানোর কারণেই মূলত এই সমস্যার সৃষ্টি হয়েছিল।

তিনি বলেন, এখানে কোনো অদক্ষতার ঘটনা ঘটেছে কি না, মানে এটি এলথ্রিহ্যারিসের কর্মীদের অপারেটিং ভুল নাকি রাউটার বসানোর ভুল ছিল, নাকি তারা ত্রুটিপূর্ণ কোনো রাউটার বসিয়েছিল, আমরা তা বের করার চেষ্টা করছি। আসল ত্রুটিটা কোথায় ছিল, তা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি।

এফএ-এর নিরাপত্তা কর্মীদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘প্রফেশনাল অ্যাভিয়েশন সেফটি স্পেশালিস্টস’ জানিয়েছে, সমস্যাটি শুধুমাত্র দুটি রাউটারের মধ্যে সীমাবদ্ধ ছিল যেগুলো শুক্রবার আপডেট করা হয়েছিল। একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ধারণা করা হচ্ছে রাউটার দুটি আরকানস এবং টেক্সাসে অবস্থিত ছিল।

এফএ-এর এক কর্মকর্তা জানিয়েছেন, কাজটি শুরুর আগে সংস্থাটি একটি নিরাপত্তা মূল্যায়ন পরিচালনা করেছিল। তবে ইউনিয়নটি জানিয়েছে যে, উড্ডয়ন স্থগিত হওয়ার পেছনে দায়ী ওই আপগ্রেড কাজগুলোর সঙ্গে প্রফেশনাল এভিয়েশন সেফটি স্পেশালিস্টস (পাস) এর প্রতিনিধিত্বকারী টেকনিশিয়ানরা জড়িত ছিলেন না।

এলথ্রিহ্যারিস জানিয়েছে তারা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে এবং এফএএ’র তদন্তে সহায়তা করছে।

বিষয়:ফ্লাইট বিমান চলাচলে বিপর্যয় যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…