মার্কিন গ্রিন কার্ডের আশ্বাসে যৌন হয়রানি, অভিযোগের মুখে অভিবাসন কর্মকর্তা

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি অভিবাসন আটক কেন্দ্রে এক নারীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার (আইসিই) এক কর্মকর্তার বিরুদ্ধে। ২১ বছর বয়সী এক লেবানিজ নারী অভিযোগ করেছেন, যৌন সম্পর্কের বিনিময়ে তাকে গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন ওই কর্মকর্তা। তবে অভিযোগ অস্বীকার করেছে মার্কিন প্রশাসন।
রোববার (১৫ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদন অনুযায়ী, অভিযোগকারী নারীর নাম রাহাফ আলি আলমেরহিজ। তার দাবি, আইসিই কর্মকর্তা মার্কেল ওয়ালেস তাকে রেমন্ডভিলের এল ভ্যালে ডিটেনশন ফেসিলিটির একটি নির্জন কক্ষে নিয়ে যান। সেখানে তার সম্মতি ছাড়াই তাকে স্পর্শ করেন ওই কর্মকর্তা। যৌন সম্পর্কের প্রস্তাবে রাজি না হলে তার স্বামীকে কারাদণ্ড দেওয়া এবং যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের হুমকিও দেন তিনি।
আলমেরহিজের অভিযোগ, ওয়ালেস তাকে গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখান। এ সময় তার স্বামীকে বয়স্ক ব্যক্তি বলে কটাক্ষও করেন ওই কর্মকর্তা।
গত ফেব্রুয়ারিতে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার হন আলমেরহিজ। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের (ডিএইচএস) কাছে দেওয়া এক শপথনামায় তিনি জানান, ওই কর্মকর্তা তার শরীরের নিচের অংশের পোশাক খুলে ফেলেন এবং নিজের প্যান্টও খুলতে শুরু করেন। এ সময় তিনি স্পষ্টভাবে আপত্তি জানান এবং তাকে থামতে বলেন। তবে আটক অবস্থায় থাকায় ওই কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সাহস পাননি তিনি। তার অসহায় পরিস্থিতির সুযোগ নিয়ে কর্মকর্তা তাকে চাপ প্রয়োগ করেন বলে অভিযোগ করেন আলমেরহিজ।
আলমেরহিজের স্বামী স্যাম ওয়াইজ জানান, আগস্টের শেষ দিকে তিনি এ ঘটনার কথা জানতে পারেন। ভয়ে ও লজ্জায় তার স্ত্রী এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন। তবে অভিযোগ প্রকাশ্যে আনার সাহস দেখানোয় স্ত্রীর প্রতি গর্ব প্রকাশ করেন তিনি।
বর্তমানে আলমেরহিজ মেক্সিকোতে বসবাস করছেন। এদিকে আইসিইর মূল সংস্থা ডিএইচএস অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে। সংস্থাটির এক মুখপাত্র জানিয়েছেন, কর্মকর্তাদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া হয় এবং এ ধরনের অভিযোগ তদন্ত করা হয়।






