২৬ বছর পর হামের নির্মূল মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত
টানা সংক্রমণ বন্ধ করতে ব্যর্থ হওয়ায় ২৬ বছর পর হামের নির্মূল মর্যাদা হারিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক সংস্থা প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন (পিএএইচও) দেশটির এই মর্যাদা প্রত্যাহার করেছে।
শুক্রবার (১৪ নভেম্বর) ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বলে উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদন অনুযায়ী, অত্যন্ত সংক্রামক হামের ভাইরাসের স্থানীয় সংক্রমণ এক বছরের বেশি সময় ধরে অব্যাহত থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্স যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন (পিএএইচও)।
তিন দশকের বেশি সময়ের মধ্যে বর্তমানে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি হামের সংক্রমণ দেখা যাচ্ছে। ২০২৫ সাল থেকে দেশটিতে প্রায় ৭ হাজার ৫০০ মানুষ আক্রান্ত হয়েছেন। এ সময়ে মারা গেছেন ১৩ জন। চলতি বছর ১৪ নভেম্বর পর্যন্ত ৪৫টি অঙ্গরাজ্য, নিউইয়র্ক সিটি ও ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় ৫ হাজার ১৮২ জনের হাম শনাক্ত হয়েছে। ২০২৫ সালে আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ২৮৯।
বিশেষজ্ঞরা বলছেন, টিকাদানের হার কমে যাওয়া এবং টিকা নিয়ে মানুষের অনীহা সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ। দেশটির স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রও দীর্ঘদিন ধরে বৈজ্ঞানিক প্রমাণ ছাড়াই হামের টিকার নিরাপত্তা নিয়ে সন্দেহ প্রকাশ করে আসছেন।
মর্যাদা প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) দেওয়া মহামারিসংক্রান্ত তথ্য ও পরীক্ষাগারের প্রতিবেদন পর্যালোচনা করেছে পিএএইচও। একই ধরনের হামের ভাইরাস টানা ১২ মাস বা তার বেশি সময় ধরে ছড়িয়েছে কি না, তা যাচাই করা হয়েছে। দীর্ঘ সময় ধরে একই ভাইরাসের সংক্রমণ অব্যাহত থাকাকে স্থানীয় সংক্রমণের প্রমাণ হিসেবে বিবেচনা করা হয়।
যুক্তরাষ্ট্র ২০০০ সালে হামের নির্মূল মর্যাদা অর্জন করেছিল। সম্প্রতি কানাডা, স্পেন ও যুক্তরাজ্যও একই মর্যাদা হারিয়েছে। মর্যাদা হারানোর আগে রয়টার্সকে সিডিসির পরিচালক এরিকা শোয়ার্টজ বলেছিলেন, এ সিদ্ধান্তের ফলে টিকাদানের হার বাড়াতে অঙ্গরাজ্যগুলোর সঙ্গে সংস্থাটির কাজের কোনো পরিবর্তন হবে না।
নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক নোয়েল ব্রুয়ার বলেন, হাম সম্পূর্ণ প্রতিরোধযোগ্য রোগ। এত বিপুলসংখ্যক মানুষের আক্রান্ত হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিশেষজ্ঞদের মতে, অন্তত ৯৫ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা গেলে হার্ড ইমিউনিটি তৈরি হতে পারে। হামের টিকার দুটি ডোজ প্রায় ৯৭ শতাংশ সুরক্ষা দেয়। এ রোগে অন্ধত্ব, বধিরতা, মস্তিষ্কের ক্ষতি এমনকি মৃত্যুও হতে পারে।
আবার নির্মূল মর্যাদা ফিরে পেতে হলে যুক্তরাষ্ট্রকে প্রথমে স্থানীয় সংক্রমণ বন্ধ করতে হবে। এরপর অন্তত ১২ মাস নতুন করে কোনো প্রাদুর্ভাব ছাড়াই থাকতে হবে।






