হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে এক হাজার ৮৪ জনের শরীরে। এর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮৩ জনের।
শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট দুই লাখ ৪৬ হাজার ৬৪৬ জন শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ১১১ জনের। এ সময়ে হামের উপসর্গ নিয়ে মোট এক হাজার ২০১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন।
গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকায় ৪৫২ জন। এ ছাড়া চট্টগ্রামে ২০৮ জন, সিলেটে ১৩৬ জন, বরিশালে ১০০ জন, খুলনায় ৭১ জন, ময়মনসিংহে ৫৭ জন, রংপুরে ৩১ জন এবং রাজশাহীতে ২৯ জন শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ২০ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ১১ হাজার ৩০৩ জন।






