ব্যবসায়িক সংকটের মধ্যে মুখ খুললেন অনন্ত, যা বললেন বর্ষা

তারকা দম্পতি অনন্ত জলিল এবং বর্ষা নায়ক-নায়িকা হিসেবে পরিচতি পেলেও মূলত তারা ব্যবসায়ী। তাদের ব্যবসায়িক পরিস্থিতি মোটেও ভালো যাচ্ছে না। দুইশ কোটি টাকার বেশি ব্যাংকে ঋণে রীতিমত ডুবতে বসেছে সাভারে অনন্ত বর্ষার শিল্পসম্রাজ্য!
ব্যবসা-বাণিজ্যের প্রতিকূল পরিস্থিতি নিয়ে অনন্ত-বর্ষাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। কেউ কেউ বলছেন, সিনেমায় লগ্নী ও বিলাসী জীবনযাপন করতে পারলে কেন ব্যাংক লোন শোধ করছেন না তারা?
আরেকপক্ষ বলছেন, যারা ১২০০০ মানুষের কর্মসংস্থান করতে পারেন তারা এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবেন!
এসবের মধ্যেই মুখ খুলেছেন ঢাকাই সিনেমার অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিল। একই সময়ে স্বামী ও পরিবারের জন্য সবার কাছে দোয়া চেয়ে পোস্ট দিয়েছেন চিত্রনায়িকা বর্ষা। দুজনের পৃথক ফেসবুক পোস্টে উঠে এসেছে আল্লাহর ওপর ভরসা, মানুষের ভালোবাসা ও কৃতজ্ঞতার কথা।
নিজের ফেসবুক স্ট্যাটাসে অনন্ত জলিল পবিত্র কোরআনের সূরা ফাতিহার আয়াত ‘ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাসতাঈন’ উল্লেখ করে বলেন, ‘আমরা কেবল আল্লাহরই ইবাদত করি এবং আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করি।’
পাশাপাশি ‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল’ উল্লেখ করে আল্লাহর ওপর ভরসার কথা জানান তিনি।
যারা সামাজিক যোগাযোগমাধ্যমে তার জন্য দোয়া করেছেন, ইতিবাচক পোস্ট ও ভিডিও প্রকাশ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন অনন্ত জলিল।
একই সঙ্গে টিআরপির জন্য যারা এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কাজ করেছেন, তাদেরও ধন্যবাদ জানান তিনি। তবে তাদের উদ্দেশে আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করেছেন এই অভিনেতা ও ব্যবসায়ী।
বর্ষা তার বার্তায় বলেন, জীবনে ব্যবসা-বাণিজ্য কিংবা পরিস্থিতি সব সময় একরকম থাকে না। কখনো ভালো সময় আসে, আবার কখনো কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়। এটাই জীবনের বাস্তবতা। আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন এ বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যেতে চান তারা।
বর্ষা আরও বলেন, তাদের জন্য মানুষের দোয়া, ভালোবাসা ও আন্তরিকতা অনেক সাহস ও অনুপ্রেরণা জোগায়। বিশেষ করে নিজের, স্বামী অনন্ত জলিল, সন্তান ও পুরো পরিবারের জন্য দোয়া চেয়েছেন তিনি। আল্লাহ যেন তাদের সব বিপদ-আপদ থেকে হেফাজত করেন এবং সবার জীবনে শান্তি ও রিজিকে বরকত দান করেন, সেই প্রার্থনাও জানান এই চিত্রনায়িকা।






