বিনোদন

৮ দিনে ‘রামায়ণ’-এর আয় হাজার কোটি রুপি!

বক্স অফিসে ‘রামায়ণ’-এর রাজত্ব, ৮ দিনে হাজার কোটির রেকর্ড!

৮ দিনে ‘রামায়ণ’-এর আয় হাজার কোটি রুপি!

মুক্তির মাত্র আট দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে ১ হাজার কোটি রুপির মাইলফলক অতিক্রম করেছে নীতেশ তিওয়ারি পরিচালিত সিনেমা ‘রামায়ণ’। রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত ছবিটি বিশ্বজুড়ে এখন পর্যন্ত আয় করেছে ১ হাজার ৩৩ কোটি ৫৫ লাখ রুপি। এর মধ্য দিয়ে বক্স অফিসে নতুন রেকর্ড গড়ার পাশাপাশি দ্রুততম সময়ে ১ হাজার কোটি রুপি আয়ের ক্ষেত্রে ‘বাহুবলী ২’-কেও ছাড়িয়ে গেছে সিনেমাটি।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (১২ নভেম্বর) ছিল ছবিটির মুক্তির অষ্টম দিন। এদিন ভারতের প্রেক্ষাগৃহে ২৪ হাজার ৪২টি প্রদর্শনী থেকে ছবিটি নিট আয় করেছে ৫৩ কোটি ৫০ লাখ রুপি। অষ্টম দিনে ভারতের বাজারে ছবিটির আয়ের বড় অংশ এসেছে হিন্দি সংস্করণ থেকে। ১৯ হাজার ৪৬৪টি প্রদর্শনী থেকে হিন্দি সংস্করণের আয় ৪৩ কোটি রুপি। এ ছাড়া কন্নড় সংস্করণ থেকে ৩ কোটি ২৫ লাখ, মালয়ালম থেকে ২ কোটি ৮০ লাখ, তেলেগু থেকে ২ কোটি ৩০ লাখ এবং তামিল সংস্করণ থেকে ২ কোটি ১৫ লাখ রুপি আয় হয়েছে।

মুক্তির আট দিনে ভারতে ছবিটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ৬৭৫ কোটি ৫ লাখ রুপি। অন্যদিকে অষ্টম দিনে আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ২৫ কোটি রুপি। ফলে বিদেশের বাজারে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৩৫৮ কোটি ৫০ লাখ রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী আয় ১ হাজার ৩৩ কোটি ৫৫ লাখ রুপি।

‘রামায়ণ’ এখন বিশ্বব্যাপী ১ হাজার কোটি রুপি আয় করা ভারতীয় সিনেমার তালিকায় ১১তম স্থানে রয়েছে। এই মাইলফলক অর্জন করতে ছবিটির সময় লেগেছে আট দিন। এর আগে ‘বাহুবলী ২’-এর প্রায় ১০ থেকে ১১ দিন লেগেছিল। তবে ‘ধুরন্ধর ২’ ও ‘পুষ্পা ২’ মাত্র সাত দিনে ১ হাজার কোটি রুপির আয় করেছিল। ফলে দ্রুততম সময়ে এই মাইলফলক অর্জনকারী ভারতীয় সিনেমার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ‘রামায়ণ’।

এই সাফল্যের মধ্য দিয়ে রণবীর কাপুরের ক্যারিয়ারেও নতুন অধ্যায় যুক্ত হয়েছে। তার অভিনীত প্রথম সিনেমা হিসেবে ‘রামায়ণ’ বিশ্বব্যাপী ১ হাজার কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছে। একই সঙ্গে তার আগের সিনেমা ‘অ্যানিমেল’-এর মোট বিশ্বব্যাপী আয়ের রেকর্ডও ছাড়িয়ে গেছে ছবিটি।

বক্স অফিসে আরও কয়েকটি রেকর্ড গড়েছে সিনেমাটি। মুক্তির পঞ্চম দিনে একক দিনে ১০০ কোটি রুপির বেশি আয় করে হিন্দি সিনেমার সর্বোচ্চ এক দিনের আয়ের শীর্ষ পাঁচ তালিকায় জায়গা করে নেয় এটি। এ ক্ষেত্রে ‘পুষ্পা ২’-এর রেকর্ডও ছাড়িয়ে যায়। পাশাপাশি ভারতে হিন্দি সংস্করণে দ্রুততম সময়ে ৩০০ কোটি রুপি নিট আয়ের রেকর্ডে শাহরুখ খানের ‘জওয়ান’-এর সমান অবস্থানে পৌঁছেছে ছবিটি।

চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরন আদর্শের মতে, উৎসবের মৌসুম ছবিটির আয়ে বাড়তি গতি যোগ করেছে। মুক্তির পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম দিনে টানা তিন দিন এক দিনের আয়ের নতুন রেকর্ড গড়েছে ‘রামায়ণ’। বিশেষ করে ভাই দুজ উৎসবের কারণে সপ্তম দিনের আয় বেড়েছে। ভারতের বিভিন্ন অঞ্চলে এবং ডাবিং সংস্করণেও ছবিটির ব্যবসা উল্লেখযোগ্য বলে মন্তব্য করেন তিনি।

প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটে নির্মিত ‘রামায়ণ’কে ভারতীয় সিনেমার অন্যতম উচ্চাভিলাষী প্রকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশ্বজুড়ে ছবিটির প্রচারণা চালানোর পাশাপাশি গত ২৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজন করা হয়েছিল বিশেষ প্রদর্শনীর। নীতেশ তিওয়ারি পরিচালিত সিনেমাটিতে রাম চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতা চরিত্রে সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় রয়েছেন যশ। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল, রবি দুবে ও লারা দত্তসহ অনেকে। এনডিটিভি

বিষয়:‘রামায়ণ পার্ট ১’ ১ হাজার কোটির ক্লাব নীতেশ তিওয়ারি বক্স অফিস আয় রনবীর কাপুর সাই পল্লবী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…