শিক্ষা

ককটেল আতঙ্কে ঢাবি: যান চলাচল ও বহিরাগত প্রবেশে কড়াকড়ি

ককটেল আতঙ্কে ঢাবি: যান চলাচল ও বহিরাগত প্রবেশে কড়াকড়ি

সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনার পর নিরাপত্তা জোরদার করতে যান চলাচল ও বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্যদের যানবাহন প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

তবে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী, সাংবাদিক, রাইড শেয়ারিং, খাবার সরবরাহকারী ও অনলাইন শপিংয়ের যানবাহনসহ সরকারি গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। নিরাপত্তার স্বার্থে যেকোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানোর ক্ষমতাও থাকবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।

গত রোববার থেকে টানা তিন দিন ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ১০টির বেশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মঙ্গলবার বিজনেস অনুষদে পার্ক করা একটি গাড়িতে হাতবোমা বিস্ফোরণে চালকসহ দুজন আহত হন। এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, একজন কর্মকর্তা ও একজন কর্মচারীসহ মোট তিনজনকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

এদিকে, ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে প্রবেশপথগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রক্টরিয়াল টিম ও বিএনসিসির সমন্বয়ে নিরাপত্তা চেকপোস্ট বসানো হয়েছে।

বিষয়:ককটেল বিস্ফোরণ ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি নিরাপত্তা জোরদার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…