এইচএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ৩১ অক্টোবর ফলফল প্রকাশের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
এর আগে গত ২৪ অক্টোবর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা জানানো হয়। একই সঙ্গে ২৬ অক্টোবর ফল প্রকাশের সময় ও পদ্ধতি জানিয়ে আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশের কথা থাকলেও তা প্রকাশ করা হয়নি।
আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের কারণে ফল প্রকাশের সময়সূচি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। সফরসূচি অনুযায়ী, ২৯ অক্টোবর রাত ১০টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা। ফলে ওই দিন সকালে ফল প্রকাশ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। পরে ফলাফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে।
প্রচলিত নিয়ম অনুযায়ী, সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী ফল ঘোষণা করেন।
গত ২ জুলাই দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ৮ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করা হয়। পরে স্থগিত পরীক্ষাগুলো ৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়।
এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।






