বৃষ্টিতে পানি জমে যাওয়ায় ভেনেজুয়েলার মাঠ স্তাদিও মাতুরিনে খেলা শুরু হয় নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর। তাতেও ফুটবলের স্বাভাবিক গতি মেলেনি ম্যাচে। বেগ পেতে হয়েছে দুদলকেই। মাঠের পরিস্থিতি ম্যাচ চালিয়ে যাওয়ার মতো ছিল না, বলছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনি।
বিশ্বকাপ বাছাইয়ে শুক্রবার দিবাগত রাতে ভেনেজুয়েলার মাঠে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের একমাত্র গোলটি করেন নিকোলাস ওটামেন্ডি।
ম্যাচ শেষে স্কালোনি বলেছেন, ‘এটা পরিষ্কার যে, মাঠের পরিস্থিতি খেলা চালিয়ে যাওয়ার মতো ছিল না। মাঠ যখন খেলার মতো পরিস্থিতিতে থাকে না, তখন না খেলাই উচিত। দুই দলের জন্যই ম্যাচটি মানানসই ছিল না। আগামীকালও খেলা যেত। কিন্তু সেটা ভিন্ন আলোচনা। ম্যাচ খেলা যাবে না মানে খেলা যাবে না।’
‘একটাই ব্যাখ্যা হতে পারে, খেলার জন্য যেমন কন্ডিশন প্রয়োজন, এই ম্যাচে তা ছিল না। অন্তত আজকে নয়। কিন্তু ম্যাচ চালিয়ে নেয়ার সিদ্ধান্তটি নিয়েছেন রেফারি।’
ড্রয়ের পরও লাতিন আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট টেবিলে শীর্ষেই আর্জেন্টিনা। একইসঙ্গে বিশ্বকাপের মূল পর্বের টিকিট পাওয়ার পথটা আরেকটু সহজ করেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি। ৯ ম্যাচে আর্জেন্টিনার পয়েন্ট ১৯। ১৬ অক্টোবর মেসিরা পরের ম্যাচ খেলবেন বলিভিয়ার বিপক্ষে।








