ফুটবল

মেসি না থাকলেও আর্জেন্টিনা জেতে, হামজা না থাকলেও ভুটান ‘পারবে না’

মেসি না থাকলেও আর্জেন্টিনা জেতে, হামজা না থাকলেও ভুটান ‘পারবে না’

দরজায় কড়া নাড়ছে সাফ চ্যাম্পিয়নশিপ। কদিন পরই ঢাকায় বসবে ১৫তম আসর। উদ্বোধনী দিনে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ ভুটান। আন্তর্জাতিক বিরতির নিয়মের কারণে প্রথম ম্যাচে উপস্থিত থাকতে পারবেন না হামজা চৌধুরী। সেটা নিয়ে চিন্তিত নন বাংলাদেশের সাবেক অধিনায়ক-কোচ শফিকুল ইসলাম মানিক। তার মতে, ভুটানকে হারিয়ে দেবে লাল-সবুজের দল।

ঢাকা জাতীয় স্টেডিয়ামে ২০০৩ সালের সাফজয়ী ও ২০১০ সালের এসএ গেমসে স্বর্ণজয়ী দলের প্রীতি ম্যাচ আয়োজন হয়েছে রোববার। ম্যাচের পর মানিক বলেছেন, ‘ভারত অনূর্ধ্ব-২৩ আর মূল দলের ভিতর খুব বেশি তফাত নেই। মনে করি ভারত দল অত্যন্ত শক্তিশালী। সঙ্গে পাকিস্তান এবং শ্রীলঙ্কা এখানে প্রতিদ্বন্দিতা করবে। ভুটান অনেকদিন অনুশীলন করেছে, আমার কাছে মনে হয়েছে তারা প্রতিদ্বন্দিতা করতে পারবে। তবে আমাদের টিমকে হারানোর মতো অবস্থা এখন তাদের হয়নি, বিশ্বাস করি।’

‘একটা জিনিস দেখেন, অনেক সময় দেখা যায় যে মেসি থাকে না আর্জেন্টিনায়, মেসির দল কিন্তু জিতে যায়। এটা হল এক দলের একটা বন্ধন। সেক্ষেত্রে মনে করি না যে এই অনুপস্থিতি, হয়তো ফাইনাল বা সেমিফাইনাল এসব ক্ষেত্রে হলেও ভুটানের সাথে সেটা কাটিয়ে ওঠা সম্ভব।’

৫ নভেম্বর বাংলাদেশের প্রথম ম্যাচের আগে হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদকে পাওয়া যাচ্ছে না। শ্রীলঙ্কার বিপক্ষে ১১ নভেম্বরের ম্যাচে খেলবেন তারা। ৫-১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে হবে সাফ। ছয় দল প্রতিদ্বন্দ্বিতা করবে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। ‘বি’ গ্রুপে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, মালদ্বীপ ও পাকিস্তান। ১৪ নভেম্বর দুটি সেমিফাইনাল এবং ১৭ নভেম্বর ফাইনাল হবে।

বিষয়:আর্জেন্টিনা বাংলাদেশ ভুটান মেসি সাফ চ্যাম্পিয়নশিপ সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…