বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদ থেকে কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবি উঠেছিল বিভিন্ন সময়ে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তা আরও জোরালো হয়েছে। তখন বাফুফের আসন্ন নির্বাচনে সভাপতি পদে পুনরায় নির্বাচন করার ইচ্ছে প্রকাশ করেছিলেন সালাউদ্দিন। এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। নির্বাচনে অংশগ্রহণ না করার কথা ঘোষণা দিয়েছেন। আগামী ২৬ অক্টোবর বাফুফের পরবর্তী নির্বাচন হওয়ার কথা।
শনিবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ২০০৮ সাল থেকে টানা চার মেয়াদে দায়িত্ব পালন করা বাফুফে সভাপতি। বলেছেন, ‘২৬ অক্টোবর নির্বাচনে আমি অংশগ্রহণ করব না। এটাই ব্যক্তিগতভাবে আমার চূড়ান্ত সিদ্ধান্ত, আপনাদের আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলাম।’
আগামী ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন নির্ধারণ করা হয়েছিল আগেই। মাঝে তারিখ পেছানোর দাবি উঠেছিল। বাফুফে ফিফাকে চিঠি লিখলেও বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি নির্বাচন পেছানোর আবেদনে নাকচ করে দিয়েছে।








