সাফের টিকিটে শিক্ষার্থীদের জন্য ৫০ শতাংশ ছাড়

বাংলাদেশে শুরু হয়েছে ছেলেদের সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। এ আসরের প্রথম দিনে ভারত-পাকিস্তান ম্যাচের সময় স্টেডিয়াম ছিল প্রায় ফাঁকা। দিনের দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে নেমেছিল বাংলাদেশ। তবে বাংলাদেশের ম্যাচ হলেও স্টেডিয়ামে অর্ধেকের কিছু বেশি দর্শক হয়েছিল। এবার দর্শক টানতে টিকিটে ছাড় দেয়া হয়েছে।
সাফ চ্যাম্পিয়নশিপের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়েছে টিকিটের দাম অর্ধেক করা হয়েছে। প্রকৃতপক্ষে ৮ নভেম্বরের ম্যাচের জন্য শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য টিকিটের দাম অর্ধেক করা হয়েছে। অন্য কোনো ক্যাটাগরিতে এই দাম কার্যকর হবে না। এই এক টিকিট দিয়ে দেখা যাবে দিনের দুটি ম্যাচই।
জাতীয় স্টেডিয়ামে ৮ নভেম্বর সাফ চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ হবে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও ভুটান এবং পরের ম্যাচে লড়বে পাকিস্তান ও মালদ্বীপ। আয়োজকরা বলছেন, আপাতত এই দুটি ম্যাচের টিকিটের দাম কমানো হয়েছে।
আয়োজক প্রতিষ্ঠান টিএসএ স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্টের সিইও সজীব রশিদ জানান, ‘আগামীকালের ম্যাচের টিকিটে ৫০ শতাংশ দাম কমানোর ব্যাপারটি আনুষ্ঠানিক।’ তবে, বাংলাদেশের ম্যাচের টিকিটের দাম কমবে কি না, সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত জানেন না তিনি। সিদ্ধান্ত হলে অবশ্যই জানিয়ে দেবেন।
সাফ চ্যাম্পিয়নশিপের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছিল এক হাজার টাকা করে। আয়োজকদের মন্তব্য ছিল এক টিকিটে দুটি ম্যাচ দেখা যাবে। তবে টিকিটের দাম বেশি বলে কিছু সমর্থকেরা ২০০৩ সাফজয়ী ও ২০১০ সালের এসএ গেমসের স্বর্ণজয়ী দলের প্রীতি ম্যাচের সময় স্টেডিয়ামের সামনে বিক্ষোভ করেছিলেন।





