ফুটবল

সাফের ফাইনালে ভারতের বিপক্ষে সেভাবে ‘প্রস্তুত’ ছিল না পাকিস্তান

সাফের ফাইনালে ভারতের বিপক্ষে সেভাবে ‘প্রস্তুত’ ছিল না পাকিস্তান

সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ফাইনালে উঠেছিল পাকিস্তান। বাংলাদেশকে আসর থেকে বিদায় করে ফাইনালে ওঠা দলটি ভারতের বিপক্ষে ম্যাচ খেলার জন্য সেভাবে প্রস্তুত ছিল না। প্রথমবার ফাইনালে খেলার পর ভারতের কাছে হেরে সে কথাই বলেছেন দলটির কোচ নলবার্তো সোলানো। এছাড়া ম্যাচের ভাগ্য বদলে দেয়া লাল কার্ড নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি। 

পাকিস্তানের এ পেরুভিয়ান কোচ ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাফ নিয়ে তার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বলেছেন, ‘যখন খেলোয়াড়রা নিয়মিত পেশাদার ফুটবল খেলে, তখন ফিটনেস থেকে শুরু করে সবকিছুতেই বড় পার্থক্য তৈরি হয় যা জাতীয় দলের কোচদের হাতে অনেক বিকল্প তুলে দেয়। তবে আমি কোনো অজুহাত দেব না। আমি পাকিস্তানের দায়িত্ব নেয়ার আগে থেকেই জানি যে তারা কঠোর পরিশ্রম করছে। আশা করি আগামী বছর তারা প্রথমবারের মতো একটি পেশাদার লিগ চালু করতে যাচ্ছে, যা খেলোয়াড়দের দারুণভাবে সাহায্য করবে।’

‘পাকিস্তানে প্রচুর প্রতিভা আছে, কিন্তু খেলোয়াড়দের পেশাদার হয়ে উঠতে হবে। ভারতের দিকে তাকালে দেখবেন, তাদের দলের অর্ধেক খেলোয়াড় এখানে থাকলেও বাকি অর্ধেক অন্য প্রীতি ম্যাচ খেলতে গেছে এটাই প্রমাণ করে যে তারা কতটা ভালো কাজ করছে। প্রতিদ্বন্দ্বী হিসেবে আমাদের এটি মেনে নিতেই হবে। সমর্থকদের জন্য এটি খুব কষ্টের, তবে সত্যি বলতে আমি আমার দল নিয়ে ভীষণ গর্বিত। পাকিস্তান এখন একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জাতীয় দলে পরিণত হচ্ছে। আমরা প্রস্তুতি নেব এবং আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।’

নিজেদের প্রস্তুতির কথা জানিয়ে সোলানো বলেন, ‘আমরা সবাই খুশি এবং গর্বিত যে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে শুরু করেছি। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিও দারুণ ছিল। আজ হয়তো অনেকেই আমাদের ফেভারিট ভেবেছিলেন, কিন্তু আমরা সেভাবে প্রস্তুত ছিলাম না।’

‘আমি খেলোয়াড়দের বলেছি আমাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং বিনয়ী থাকতে হবে। শিরোপা জেতার দারুণ সুযোগ ছিল বলে আমরা ভীষণ হতাশ, তবে ফুটবলে এমনটা হয়েই থাকে। ভারতকে কৃতিত্ব দিতেই হবে, তারা খুব ভালো খেলেছে। সবার জন্যই এটি দারুণ একটি অভিজ্ঞতা। আগামী বছর আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব এবং এশিয়ান কাপ বা বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণের চেষ্টা করব।’

বিষয়:পাকিস্তান পেরু বাংলাদেশ ভারত সাফ সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…