ডিএফডি-ডিআরইউ বিতর্কের গ্র্যান্ড ফাইনালে বিএসআরএফ ও ক্র্যাব

ছবি: সংগৃহীত
ডিবেট ফর ডেমোক্রেসি (ডিএফডি)-ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে উঠেছে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে সংগঠন দুটি।
বুধবার (১৮ নভেম্বর) সকালে ডিআরইউ ডিবেটিং ক্লাব রুমে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে রিপোর্টার্স এগেইনস্ট করাপশনকে (র্যাক) হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বিএসআরএফ। দলটির নেতৃত্ব দেন চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মোস্তফা মল্লিক। অন্য দুই সদস্য হলেন এটিএন বাংলার চিফ রিপোর্টার মাহবুব কবির চপল এবং ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার শাহাদাত হোসেন (রাকিব)।
অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনালে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামকে (সিএমজেএফ) পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয় ক্র্যাব।
প্রতিযোগিতার বিতর্কের বিষয় ছিল, সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কারের চেয়ে প্রশাসনিক সংস্কারের গুরুত্ব অধিক জরুরি। গ্র্যান্ড ফাইনালটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় সম্প্রচার করা হবে।






