বাংলাদেশ

মিরপুরে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা-ভাঙচুর

মিরপুরে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা-ভাঙচুর

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুই থেকে তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কার্যালয়ের কর্মকর্তারা। হামলার সময় সেখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অবস্থান করছিলেন।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টার পর মিরপুর-১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ১০০ থেকে ১৫০ জনের একটি দল লাঠি, ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে ভবনে হামলা চালায়। এ সময় তারা কার্যালয়ে প্রবেশের চেষ্টা করে। তবে কাচের দরজা থাকায় হামলাকারীরা ভেতরে ঢুকতে পারেননি বলে দাবি করেছেন কার্যালয়ের কর্মকর্তারা।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভবনের সামনের কাচের দেয়াল ভেঙে ফেলা হয়েছে। লিফটের চারপাশের ঘেরাওয়ের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর ভবনের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়।

শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ের দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত এক সপ্তাহ ধরে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক ছিলেন তারা। এ পরিস্থিতিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্য সচিবের নির্দেশনায় বিভিন্ন থানার নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় অবস্থান নেন। ঘটনার সময় তারাও ভবনে ছিলেন।

মামুন পাটোয়ারী বলেন, সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে হঠাৎ ২০ থেকে ২৫ জন পুরুষ ও শতাধিক নারী এসে কার্যালয়ে হামলা চালান। তারা ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে ভেতরে থাকা লোকজনের ওপর আক্রমণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তারা সেখান থেকে সরে যেতে বাধ্য হন।

পুলিশকে খবর দেওয়া হলেও হামলার অধিকাংশ ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে আসে বলে অভিযোগ করেন তিনি।

মামুন পাটোয়ারীর দাবি, হামলাটি মূলত শফিকুল ইসলাম খান মিল্টনকে লক্ষ্য করে চালানো হয়েছে। ভবনের অন্য স্থাপনার তুলনায় তার কার্যালয়ে বেশি ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া ভবনে থাকা মিল্টনের ছবিও ভাঙচুর করা হয়েছে।

সম্প্রতি ফুটপাত দখলমুক্ত করতে চালানো উচ্ছেদ অভিযানকে হামলার সম্ভাব্য কারণ বলে মনে করছেন তিনি।

হামলার পর ভবনটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিষয়:ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…