ফুটবল

বাংলাদেশকে ‘হারিয়ে’ অক্ষয় কুমারের মতো নাচতে চান শ্রীলঙ্কান কোচ

সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬

বাংলাদেশকে ‘হারিয়ে’ অক্ষয় কুমারের মতো নাচতে চান শ্রীলঙ্কান কোচ

সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে এসে এখনও মজার মনোভাবে আছেন শ্রীলঙ্কার কুয়েতি কোচ আবদুল্লাহ আল মুতাইরি। তবে তার দলের এখন সেই অবস্থা নেই। কারণ গ্রুপপর্বের শেষ ম্যাচে বাংলাদেশকে হারাতে হবে, ড্র করলেও গোল ব্যবধানে সেমিফাইনালে যেতে পারবে দলটি। আর বাংলাদেশকে যদি তার দল বুধবার হারাতে পারে, তাহলে ভারতের বলিউড নায়ক অক্ষয় কুমারের মতো নাচবেন এ কোচ। 

সেমিফাইনালে ওঠার গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশের সংবাদ মাধ্যমে কথা বলেন ৪৫ বর্ষী মুতাইরি। কথা বলার আগেই তিনি ঠিক করে দেন মাত্র তিনটি প্রশ্নের উত্তর দিতে চান। সেই তিনটি প্রশ্ন সাংবাদিকদেরই ঠিক করতে হবে। তার বেশি একটি কথাও তিনি বলবেন না।

তিন প্রশ্নের দ্বিতীয় প্রশ্নটিতে উঠে আসে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ক্রিকেটীয় সম্পর্কের উত্তেজনা ও নাগিন ড্যান্স নিয়ে। সেই প্রশ্নের উত্তর দিতে মুতাইরি বলেন, ‘ভুটানের বিপক্ষে ম্যাচে আমি খুব রেগে গিয়েছিলাম। কিন্তু আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় জানি। ম্যাচ সবসময় ৯০ মিনিটেই শেষ হয়ে যায়। আমি চাই, আপনারা সবাই ম্যাচের পরের ভিডিওগুলো দেখুন। যখন দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন আমি কী করেছি, সেটা দেখুন। আমার বয়স ৪৫ বছর। আমি ভুটানের প্রত্যেক খেলোয়াড়ের কাছে গিয়েছি, তাদের মাথায় চুমু খেয়েছি, যেন সবাই শান্ত থাকে এবং ভালো থাকে।’

‘দেখুন, ম্যাচ শেষ হওয়ার পর প্রতিপক্ষের সামনে গিয়ে বাড়তি উদ্‌যাপনের কোনো প্রয়োজন নেই। কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় জয় কিংবা পরাজয় নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিপক্ষকে সম্মান করা। আপনি আজ জিতলেন, এরপর বিশেষ কোনো অঙ্গভঙ্গি করে উদ্‌যাপন করলেন। তাতে কী হবে? ক্রিকেটের কারণে দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে এমনিতেই অনেক সমস্যা তৈরি হয়েছে। আমি এসব সম্পর্কে জানি।’

বাংলাদেশের উদযাপনে বাঘের অঙ্গভঙ্গি নিয়ে এ কুয়েতি বলেন, ‘ওই যে আপনারা একটা অঙ্গভঙ্গি করেন, বাঘের মতো এ রকম কিছু একটা। এক দল অন্য দলকে হারানোর পর বিভিন্ন অঙ্গভঙ্গি করে। ফলে মানুষ একে অন্যকে অপছন্দ করতে শুরু করে। কিন্তু ফুটবলের পার্থক্য এখানেই।’

‘পাকিস্তানের অধিনায়ক যেমন বলেছিলেন, আমরা ফুটবল খেলি, ক্রিকেট নয়। আমরা ভালোবাসা তৈরি করি। হ্যাঁ, প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করতে হবে। প্রতিযোগিতায় উত্তেজনা থাকতে হবে। কিন্তু মনে রাখতে হবে, এটা ফুটবল। আপনারা কি চান আমি এখানে এসে বলি, বাংলাদেশ শ্রীলঙ্কার চেয়ে ভালো নয়? কিংবা ভারত মালদ্বীপের চেয়ে ভালো নয়? না! প্রতিযোগিতায় চাপ থাকতে হবে, উত্তেজনা থাকতে হবে, আবার সম্প্রীতিও থাকতে হবে।’

এরপর নিজের উদযাপন নিয়ে মুতাইরি বলেন, ‘আমি এখন পর্যন্ত মাত্র তিনটি সংবাদ সম্মেলন করেছি। আজ তৃতীয়টি। কিন্তু আমার মনে হচ্ছে, এখানে সবাই অতিরিক্ত কূটনৈতিক কথাবার্তা বলছে। আরে, এটা একটা প্রতিযোগিতা! প্রতিযোগিতাটা উপভোগ করুন। একটু পাগলামি করুন। উত্তেজনা তৈরি করুন। প্রতিযোগিতা শেষ হলে আমরা চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানাব।’

‘আর যারা হারবে, তারা পরেরবার আরও ভালো করার চেষ্টা করবে। হেরে গেলে তো কেউ মারা যাচ্ছে না। তাহলে এত কূটনৈতিক হওয়ার কী আছে? না, না, না। আমাদের এই প্রতিযোগিতা উপভোগ করা উচিত। আর একটা কথা, আগামীকাল যদি আমরা জিতে যাই, তাহলে কিন্তু আমি অক্ষয় কুমারের মতো নাচতে পারি! সাবধান থাকবেন!’

বিষয়:বাংলাদেশ ভুটান মুতাইরি শ্রীলঙ্কা সাফ সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…